২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বল আনতে গিয়ে ছেলে বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু

ঢাকার যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও তার ছেলের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 08:37 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

পুলিশ জানিয়েছে, খেলার সময় বল ড্রেনে পড়তে গেলে তা আনতে গিয়ে তড়িতাহত হয় ছেলে, তাকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু ঘটে।

নিহতরা হলেন, মো. হান্নান (৪৭) ও  তার ছেলে আরমান (১০)।

বৃহস্পতিবার বিকালে শেখদি পশ্চিমপাড়ার বড়বাড়ি এলাকায় তারা তড়িতাহত হন বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “বিকাল সাড়ে ৪টার দিকে তাদেরকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

স্বজনদের বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরমান বাসার পাশের গলিতে টেনিস বল নিয়ে খেলছিল। বলটি পাশের  ড্রেনে পড়ে গেলে আনতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে  বাঁচাতে গেলে তার রাজমিস্ত্রি বাবাও  বিদ্যুৎস্পৃষ্ট হন।”

গত কয়েকদিনে কালবৈশাখী ঝড়ে ঢাকার বিভিন্ন স্থানে গাছপালা, বিলবোর্ড উপড়ে পড়ে।

“ঝড়ের পর কোনো বিলবোর্ডের তার ছিঁড়ে ওই ড্রেনের পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটতে পারে,”  বলেন ডিএমপির

ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম।