শুরু হল ‘বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট-২০১৮’
দেশের সৃজনশীল ব্যক্তিদের একই প্ল্যাটফর্মে আনতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বেঙ্গল ক্রিয়েটিভ ফেস্ট-২০১৮’।
সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বেঙ্গল সি হাব’ আয়োজিত ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই ক্যারিয়ার ফেস্টিভালে সৃজনশীলতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি আছে নেটওয়ার্ক বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির সুযোগ। ফেস্টে নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব বুথ থাকছে, যেখানে কর্মপ্রত্যাশী তরুণরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। এছাড়াও আছে একটি ডিজিল্যাব কর্নার যেখানে অংশগ্রহণকারীরা বেঙ্গল সি হাবের ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
মোস্তাফা জব্বার বলেন, “পৃথিবী এখন চতুর্থ শিল্প বিল্পবের যুগে পৌঁছেছে, যার মূলে রয়েছে ডিজিটাল ট্রান্সফর্মেশন। ডিজিটাল বাংলাদেশ সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। বেঙ্গল সি হাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর ডিজিটাল কানেক্টিভিটি। এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি আকৃষ্ট করা যাবে আমাদের নতুন প্রজন্মকে।”
মন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আশা করি এখানে বিভিন্ন সৃজনশীল তরুণ-তরুণীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাবে।”
সোমবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া অধিবেশনে কথা বলেছেন বেঞ্চমার্ক পিআরের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার। এরপর রুবাবা দৌলা, হোসেন ইলিয়াস, আব্দুন নূর তুষার, নুহাশ হুমায়ূন, মোস্তফা সারোয়ার ফারুকী, এলিটা করীমসহ আরও অনেকে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
মঙ্গলবারের অধিবেশন শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যা সাতটা পর্যন্ত এই অধিবেশনে অভিনেতা আফজাল হোসেন, মিতা রহমান, সুবর্ণা মুস্তফা, শম্পা রেজা, আনিসুল হক, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, গাউসুল আলম শাওনসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরা কথা বলবেন।
