অস্ত্র উঁচিয়ে গুলি: ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আরেক মামলায় অভিযোগপত্র
গুলিস্তানে হকার উচ্ছেদের সময় অস্ত্র দিয়ে গুলির ঘটনায় হওয়া অন্য আরেকটি মামলায় ছাত্রলীগের দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
পল্টন থানার এই মামলায় তদন্ত কর্মকর্তা ওবায়েদুর রহমান গত ২১ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করলেও বিষয়টি জানা যায় সোমবার।
ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হয়।
দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৪২৭/৩৭৯/৪০৬/৩৪ ও ১০৯ ধারায় এই অভিযোগপত্র দেওয়া হয়।
বিচারক অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ বিন্ধন কর্মকর্তা এসআই জালাল আহমেদ জানিয়েছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, ওয়ারী থানা ছাত্রলীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওরফে আশিক, সাব্বির আহম্মেদ রাসেল ও শামিম হাওলাদার।
একই ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ‘হত্যাচেষ্টা’ মামলায় সাব্বির ও আশিকের বিরুদ্ধে গত ১১ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১৬ সালের ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।
ওই ঘটনায় ঢাকার গণপরিবহন চলাচলের অন্যতম প্রধান কেন্দ্র গুলিস্তানে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রাস্তায় মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক; আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজট।
সংঘর্ষের মধ্যে গোলাপী ফুলহাতা সার্ট পরিহিত সাব্বির রহমানকে রিভালবার উচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায়। সে সময় সাব্বিরের পাশে নীল টি-শার্ট পরিহিত আশিকের হাতে দেখা যায় পিস্তল। সেই ছবি পরদিন সংবাদপত্রে ছাপা হয়।
ঘটনাটি তখন আলোড়ন তোলার পর শাহবাগ থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে মামলা করেন। তাতে সাব্বির ও আশিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়।
একই ঘটনায় মহানগর নাট্যমঞ্চের পাশের ফুটপাতের দোকানি মো. সিরাজ বাদী হয়ে পল্টন থানায় আরেকটি মামলা করেন।
পল্টন থানার মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়েছে, গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোঁড়ার ওই ঘটনায় ১৪০/১৫০ জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। তবে চেষ্টা করেও চারজন ছাড়া অন্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ভবিষ্যতে অজ্ঞাত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হলে তাদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
