২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তীব্র কালবৈশাখী

দিনভর গরমের পর সন্ধ্যায় ঢাকায় তীব্র কালবৈশাখী বয়ে গেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2018, 07:20 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

পুরনো খবর:

ঘূর্ণিঝড়ে কী করবেন
বজ্রপাতে কী করবেন?
দুই দিনের বজ্রপাতে নিহত ৮১: মন্ত্রণালয়

রোববার সন্ধ্যা ৬টার পর ১৫ মিনিটের আকস্মিক এ ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৮৩ কিলোমিটারেরও বেশি ছিল বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

ঝড়ে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিস বলেছে, রাজধানীর বিভিন্ন জায়গায় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যা ৬টার পরই ঢাকায় কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। এ সময় মহাখালী-আগারগাঁওসহ সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৮৩ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়।

Image
রোববার বিকালে রাজধানীতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়। ছবিটি মহাখালী এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

রোববার বিকালে রাজধানীতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়। ছবিটি মহাখালী এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

“এটি উত্তর-পশ্চিম থেকে শুরু হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়।”

বিকালের পর রাজধানীর বাইরে খুলনা ও বরিশাল অঞ্চলেও তীব্র কালবৈশাখী হানা দিয়েছে বলে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মৌসুমে প্রতিদিন বিকালেই এ ধরনের ঝড় হওয়ার শঙ্কা রয়েছে। বিষয়টি মাথায় রেখে সাবধানতা অবলম্বন করতে হবে।

তীব্র কালবৈশাখী আধা ঘণ্টার মতো স্থায়ী জানিয়ে আবহাওয়াবিদ শাহীনুল বলেন, “এ সময় বজ্রঝড়ও ঘটে। তাই আকাশে কালো মেঘ ও বজ্রপাত দেখলে অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করা উচিত।”

ঝড়ে ঢাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, গুলশান-১, মিরপুর-১০, তেজগাঁওয়ের লাভ রোড, যাত্রাবাড়ী, ধানমণ্ডি ও মোহাম্মদপুরের বেড়িবাঁধসহ রাজধানীর প্রায় অর্ধশত জায়গায় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। তেজগাঁওয়ের কুনিপাড়ায় দেওয়াল ধসের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার জানান, এপ্রিল-মে মাসে আবহাওয়া সাধারণত গরম থাকে। এ সময় বজ্রপাতের অনুকূল পরিবেশও তৈরি হয়।

সে কারণে উত্তর-উত্তর পশ্চিম দিকে এবং দক্ষিণ-পশ্চিমে কালবৈশাখীর আভাস পেলেই ঘণ্টাখানেকের জন্য আগাম পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।

বৈশাখে বায়ুমণ্ডলে বাতাসের তাপমাত্রা ভূ-ভাগের উপরিভাগের তুলনায় কম থাকে। এ অবস্থায় বেশ গরম আবহাওয়া দ্রুত উপরে উঠে গেলে আর্দ্র বায়ুর সংস্পর্শ পায়। তখন গরম আবহাওয়া দ্রুত ঠাণ্ডা হওয়ায় প্রক্রিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে বজ্রমেঘের সৃষ্টি হয়।

বিলুপ্ত সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের (এসএমআরসি) সাবেক পরিচালক সুজিত কুমার দেবশর্মা জানান, কালবৈশাখীর মৌসুমে বজ্রঝড় বেশি হয়। বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে দুই থেকে তিনশ মানুষের প্রাণহানি ঘটে।

‘কিউমুলোনিম্বাস’ মেঘ তৈরি হলেই বজ্রঝড় হয়ে থাকে জানিয়ে তিনি বলেন, কিউমুলোনিম্বাস মেঘ হচ্ছে খাড়াভাবে সৃষ্টি হওয়া বিশাল আকৃতির পরিচালন মেঘ, যা থেকে শুধু বিদ্যুৎ চমকানো নয়, বজ্রপাত-ভারি বর্ষণ-শিলাবৃষ্টি-দমকা-ঝড়ো হাওয়া এমনকি টর্নেডোও সৃষ্টি হতে পারে।