সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।
বুধবার স্থানীয় সময় ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।
এই অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ( প্রেস) ফখরুল ইসলাম।
নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার ছোট ভাই মো. ইব্রাহিম (২৩)।
চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০) নিহতদের মধ্যে রয়েছেন।
নিহত আরেকজন ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)।
হাইল জেলার হোলাইফা শহরে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিরা
হাইল থেকে প্রবাসী বাংলাদেশি আজিজ উল্লাহ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিগারেটের ধোঁয়া থেকে এই আগুনের সূত্রপাত থেকে তারা জানতে পেরেছেন।
এখানেই ঘটে অগ্নিকাণ্ড
আহত আনিসুর রহমানকে হাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সেলিম।
গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
