কোটার আন্দোলনকারীদের চোখ বাঁধার কথা অস্বীকার ডিবির
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তিন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য চোখ বেঁধে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ন কমিশনার আব্দুল বাতেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদেরকে হেলমেট পরিয়ে বা চোখ বেঁধে আনা হয়নি। তারা যে বক্তব্য দিয়েছে তা ঠিক নয়।”
আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নূরুল হক নূর, ফারুক হাসান, মুহম্মদ রাশেদ খাঁনকে সোমবার গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছিল।
ছেড়ে দেওয়ার পর তারা অভিযোগ করেছিলেন, তাদের তিনজনকে হেলমেট পরিয়ে এবং চোখ বেঁধে ধরে নেওয়া হয়।
এ ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে বর্ণনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলও করেছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
নূর সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, “আমরা ন্যায়ের পথে আন্দোলন করেছি, কিন্তু পুলিশ আমাদের তুলে নিয়ে যাচ্ছে। নানাভাবে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপদ বোধ করছি না।”
কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য আছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন নেতা দাবি করে আসছেন।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে জাল ভিসাসহ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় আয়েজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে পুলিশ কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
যুগ্ন কমিশনার আব্দুল বাতেন বলেন, তাদের ডেকে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে।
“তারা মনে করেছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তা ঠিক ছিল না। এটা ভুল বোঝাবুঝি হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।“
এই আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়। যা নিয়ে মামলাও হয়েছে। এই ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলে প্রধানমন্ত্রীও হুঁশিয়ারি দিয়েছেন।
তবে আন্দোলনকারী ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বলছেন, ওই ভাংচুরে তাদের কেউ জড়িত ছিলেন না।
মামলার তদন্ত চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, “ওই তদন্তের প্রয়োজনে তাদের ডেকে এনে সহযোগিতা চাওয়া হয়েছে। এর বেশি কিছু নয়।”
তদন্তের প্রয়োজনে আরও অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্রকৃত আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি আমরা।”
