স্বাস্থ্য ও নিরাপত্তায় পুরস্কৃত ১০ কারখানা
১০টি পোশাক কারখানাকে ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উত্তম চর্চা পুরস্কার’ এর জন্য মনোনীত করেছে সরকার।
আগামী ২৮ এপ্রিল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কারখানার প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন।
মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষে শ্রম মন্ত্রণালয় প্রথমবারের মতো ১০টি কারখানাকে এই পুরস্কার দেবে। এ সংক্রান্ত জুরি বোর্ড এসব কারখানাকে পুরস্কারের জন্য মনোনীত করেছে।
ময়মনসিংহের ভালুকার স্কয়ার ফ্যাশন লিমিটেড, ধামরাইয়ের স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেড, গাজীপুর কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড এবং মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি উত্তম চর্চা পুরস্কার পাচ্ছে।
এছাড়া গাজীপুর টঙ্গীর ভিয়েলাটেক্স লিমিটেড, ধামরাইয়ের এ কে এইচ ইকো অ্যাপারেলস লিমিটেড, নিট কনর্সান লিমিটেড, নারায়ণগঞ্জের ফতুল্লার উইজডম অ্যাটায়ার্স লিমিটেড, টঙ্গীর হুপ লুন অ্যাপারেলস লিমিটেড এবং নারায়ণগঞ্জ রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেডকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
২০১৬ সাল থেকে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন করে আসছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
