২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা শুনে সংশোধন হতে চায় সরকার: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমালোচনা শুনে সে অনুযায়ী সংশোধন হতে চায় বলে সফররত একদল বিদেশি সাংবাদিককে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 05:31 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

সচিবালয়ে রোববার বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেন কানাডা, কোরিয়া, জার্মানি, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, ভারত, ব্রাজিল, তুরস্ক এবং থাইল্যান্ডের ২৫ জন সাংবাদিক।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের সরকার সমালোচনা শুনতে আগ্রহী এবং সংশোধন হতে আগ্রহী। সুতরাং এখানে গণতান্ত্রিক নীতি-নির্ধারণ আমরা অনুসরণ করছি।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত নয় বছরে কোনো অগণতান্ত্রিক আইন প্রণয়ন করেনি বলেও বিদেশি সাংবাদিকদের জানান তথ্যমন্ত্রী।

“নয় বছরে আমাদের সরকার বাংলাদেশে অগণতান্ত্রিক একটি আইনও তৈরি করেনি, বরঞ্চ গণতন্ত্রকে প্রসারিত করার জন্য গণমাধ্যম, টিভি চ্যানেল, কমিউনিটি রেডিও, এফএম রেডিও উন্মুক্ত করে দিয়েছে।”

খালেদা জিয়া ও বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত আছে বলেও জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “(বিএনপি) একটি অস্বাভাবিক সরকার তৈরির পাঁয়তারাতে আছে। যার জন্য তারা গণতন্ত্র সম্পর্কে কোনো প্রস্তাবনা আজ পর্যন্ত তুলে ধরতে পারেনি।

“শেখ হাসিনার মোড় বদলকারী অর্থনৈতিক নীতি অনুসরণের ফলে বাংলাদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে, সম্পদের উন্নয়ন হয়েছে, পরিবেশ সুরক্ষা হয়েছে এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আরেক ধাপ উপরে উঠতে সক্ষম হয়েছে।”

ইনু বলেন, এই চমৎকার অর্থনৈতিক অগ্রগতি হয়েছে সংবিধানের ওপর আস্থা স্থাপন করার জন্য, চার নীতির ওপর আস্থা স্থাপন করার জন্য।

“গণতন্ত্রের প্রাপ্তি হয়েছে বলেই আমরা বাংলাদেশে সাংবিধানিক স্থিতিশীলতা রক্ষা করতে পেরেছি। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি এবং উন্নয়নটা সাধন করতে পেরেছি।”

নারীদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়া সুযোগ সৃষ্টি, হতদরিদ্রদের মধ্যে খাস জমি বণ্টন, রপ্তানি বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন তথ্যমন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নের বিএনপি-জামায়াত জোট কীভাবে বাধা সৃষ্টি করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল সে বিষয়েও বিদেশি সাংবাদিকদের জানান মন্ত্রী।