আসামিরা বাইরে কীভাবে, কর্মকর্তাদের কাছে দুদকপ্রধানের প্রশ্ন
দুর্নীতির মামলার প্রতিটি আসামিকে আদালতের মুখোমুখি করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বৃহস্পতিবার দুদক কার্যালয়ে কমিশনের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা কাজের ওপর এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, “দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হয়। মামলায় যে বা যারা আসামি হবেন তাদেরকে হয় আদালতে আত্মসমর্পণ করতে হবে অথবা গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে।
“তারা যদি মুক্ত বাতাসে ঘুরে বেড়ান তাহলে দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান প্রভাব জনগণের নিকট পৌঁছানো সম্ভব হবে না।”
এ সময় চেয়ারম্যান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “কীভাবে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা (আসামি) ঘুরে বেড়ায়? দুদকের প্রতিটি মামলার প্রতিটি আসামিকে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে।”
গত দুই বছরে ছয়শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হলেও অনেক আসামি এখনও আইনের কাছে আত্মসমর্পণ করেনি বলে উল্লেখ করেন ইকবাল মাহমুদ।
দুর্নীতির অনুসন্ধান বা তদন্ত কাজ নির্ধারিত সময়ে শেষ করতে কমিশনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, “প্রতিটি ক্ষেত্রে প্রত্যেক কর্মকর্তার প্রতিটি অনুসন্ধান বা তদন্তের জন্য সুনির্দিষ্ট সময়সীমা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ সময়সীমা লঙ্ঘন করেন। কমিশন উপযুক্ত কারণ ছাড়া কোনো অনুসন্ধান বা তদন্তে সময়সীমা লঙ্ঘন সহজভাবে নেবে না।”
দুর্নীতির অভিযোগ তদন্তে কমিশনের তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের ইকবাল মাহমুদ বলেন, “সুপারভাইজিং টুলস আপনাদেরকেই বের করতে হবে। প্রত্যেকের প্রধান কার্যসম্পাদন সূচক নিরূপণ করে মূল্যায়ন করা হবে। দুর্নীতির ঘটনা কোথায়, কখন, কীভাবে বা কাদের সহযোগিতায় কে বা কারা ঘটিয়েছেন তার সুস্পষ্ট প্রমাণ তদন্ত প্রতিবেদনে থাকতে হবে।”
জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেডের সহায়তায় গত বছর থেকে শুরু হওয়া কমিশনের কৌশলগত কর্মপরিকল্পনার মেয়াদ শেষ হবে ২০২১ সালে।
সভায় অন্যদের মধ্যে জিআইজেড কনসালটেন্ট জেরি অসবর্ন, দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, সচিব মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মো. জয়নুল বারী, মহাপরিচালক(প্রতিরোধ) মো. জাফর ইকবাল বক্তব্য দেন।
চেয়ারম্যানের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুপুরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান দুদক কার্যালয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দুদক চেয়ারম্যান তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ফিলিস্তিন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। এদেশের জনগণের সাথে ফিলিস্তিনী জনগণের আত্মিক সম্পর্ক রয়েছে।”
রাষ্ট্রদূত রামাদান বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মহৎ কাজ করছে। দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বিশ্বের সর্বত্র এ সমস্যা রয়েছে।
দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনায় কমিশনের ওপর কোনো চাপ থাকে কিনা, এই বিষয়ে তিনি দুদক চেয়ারম্যানের কাছে জানতে চান।
ইকবাল মাহমুদ বলেন, গত দুই বছরে বহু ক্ষমতাবন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ পর্যন্ত একটি ঘটনায়ও কেউ তদবির কিংবা কোনো প্রকার চাপ প্রয়োগের চেষ্টা করেনি।
