ভিসির বাসায় হামলাকারীরা পেশাদার: ডিএমপি কমিশনার
সরকারি চাকরির কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যে হামলা হয়েছে, তা পেশাদার কেউ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে গত রোবকবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলা হয়।
আগুন দেওয়া হয় দুটি গাড়িতেও
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় পাঁচ শতাধিক তরুণ সেখানে ছিল। তারা ভেতরে ঢোকে গেইট ভেঙে। তাদের অনেকেরই মুখ ছিল কাপড় দিয়ে ঢাকা।
ভেঙে ফেলা হয় উপাচার্যের বাসভবনের আসবাবপত্র
উপাচার্য আখতারুজ্জামান পরদিন সাংবাদিকদের বলেছিলেন, হামলাকারীরা প্রাণনাশের জন্য এসেছিল।
অন্যদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, ওই হামলা চালিয়েছে ‘বহিরাগত সন্ত্রাসীরা’। এর সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই।
ভিসির বাসায় হামলার ঘটনায় মামলাও হয়েছে।
উপাচার্যের বাসভবনের টেলিভিশনও ভেঙে ফেলে হামলাকারীরা
তিনি এসময় বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়, যারাই নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।জনগণের নিরাপত্তা বিঘ্ন করে অতীতে কেউ পার পায় নাই, এবারও পাবে না।”
উপাচার্যের বাসায় হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুধবার সংসদে ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
