কিশোরের মৃত্যু: ওয়ারী থানার ওসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ
পুলিশ হেফাজতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় ঢাকার ওয়ারী থানার ওসি রফিকুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত হবে।
রাকিব হাওলাদার (১৫) নামে ওই কিশোরের মা ওয়ারীর বনগ্রামের বাসিন্দা রীতা আক্তার বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলা করলে বিচারকের এই নির্দেশ আসে।
মামলার অন্য আসামিরা হলেন- ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম, এএসআই জ্যোতি এবং সোর্স মোশাররফ। মামলায় অজ্ঞাত আরো দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
বিচারক মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে বিচার বিভাগীয় তদন্তের এই নির্দেশ দেন বলে বাদীর আইনজীবী এমদাদুল হক লাল জানিয়েছেন।
নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়, রাকিবকে গত ৪ এপ্রিল আসামি জ্যোতি ও মোশাররফসহ অজ্ঞাত কয়েকজন আটক করে ওয়ারী থানায় নিয়ে যায়। বাদী রাত পৌনে ১১টার দিকে থানায় গিয়ে ওসির কক্ষ থেকে তার সন্তানের আর্তচিৎকার শুনতে পান।
তখন আসামি জ্যোতি বাদীকে গালাগালি করে থানা থেকে বের করে দেন বলে এজাহারে বলা হয়।
“রাত আড়াইটার দিকে বাদী পুনরায় থানায় গিয়ে দরজা ধাক্কা দিয়ে ওসির রুমে ঢুকে তার ছেলের মুখ কাপড় দিয়ে বাঁধা, হাতে হাতকড়া পড়ানো অবস্থায় দেখতে পান। তার শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন।”
তখন আসামিরা বাদীকে ওই কক্ষ থেকে বের করে দিয়েছিলেন বলে মামলায় বলা হয়।
পরদিন রাত ৯টা পর্যন্ত অবস্থান করে ছেলের কোনো খবর পাননি বাদী। ৬ এপ্রিল ওসি রফিকুল ফোন করে ‘ক্রসফায়ারে’ রাকিবের মৃত্যুর খবর দেন বলে জানান রীতা।
তিনি এজাহারে বলেন, এরপর তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রাকিবের ডান হাত ভাঙা, মাথা ফাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান।
বাদীর অভিযোগ, আসামিরা তার ছেলেকে থানায় নির্যাতন করে ‘হত্যার পর ক্রসফায়ারের নাটক সাজিয়েছে’।
