প্রতিশ্রুতি পূরণ করতে চান মোদী: গোখলে
বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতিগুলো নরেন্দ্র মোদীর পূরণ করতে চান বলে শেখ হাসিনাকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে।
ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরে আসা গোখলে সোমবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তার দেশের সরকার প্রধানের মনোভাবের কথা জানান।
সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে গোখলের সাক্ষাতের পর আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, “সৌজন্য সাক্ষাতের সময় বিজয় গোখলে বলেছেন যে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতিগুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূরণ করতে চান।”
শেখ হাসিনা এসময় ঝুলে থাকা তিস্তা চুক্তির প্রসঙ্গ টানার পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটের অবসানে মিয়ানমারকে চাপ দিতে ভারতের সহযোগিতা চান।
প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ’৭১এ বাংলাদশের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা স্মরণ করেন।
রোহিঙ্গা সঙ্কটের প্রসঙ্গটি আলোচনায় উঠলে শেখ হাসিনা বলেন, “আমরা চাই, ভারত মিয়ানমার উপর আরও চাপ দিক।”
বাংলাদেশে মিয়ানমারের ১০ লাখেরও বেশি নাগরিক আশ্রয় নেওয়ায় যে সমস্যার সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে ভারত সচেতন আছে বলে জানান গোখলে।
তিনি বলেন, নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ভারত ধারাবাহিকভাবে মিয়ানমারকে বলে আসছে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আসন্ন বর্ষা মৌসুমে বিভিন্ন ধরনের সমস্যার আশঙ্কা প্রকাশ করে ভারতের পররাষ্ট্র সচিব নারী ও শিশুদের জন্য ফিল্ড হাসপাতাল নির্মাণের কথা বলেন।
“এজন্য ভারতের পক্ষে যতটুকু সম্ভব তার সবই করা হবে,” বলেন তিনি।
আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধ্বসের আশংকার কথা উল্লেখ করে শেখ হাসিনা এক লাখ মিয়ানমার নাগরিককে ভাসানচরে স্থানান্তরের কথাও বলেন।
লন্ডনে কমনওয়েথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আসন্ন বৈঠকে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে বলেও জানান গোখলে।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সোমবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকের কথা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ে উল্লেখ করেন তিনি।
সাক্ষাতকালে মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন।
