বিজ্ঞানীদের অবসরের বয়স কমল
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়স ৬৭ থেকে কমিয়ে ৫৯ বছর হল।
সেই সঙ্গে জুনিয়র বিজ্ঞানীদের পদোন্নতির জটিলতাও কমাতে আইন সংশোধনের প্রস্তাব সংসদের সায় পেয়েছে।
সোমবার ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল-২০১৮’ সংসদে পাসের প্রস্তাব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।
গত ১৫ জানুয়ারি বিলটি সংসদে তোলা হয়। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
২০১৩ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য বিলটি আনা হয়েছে।
বিদ্যমান আইনের ১২ দফায় ৪ উপদফায় বলা হয়েছে, বিশেষ মেধা ও যোগ্যতার অধিকারী গবেষকগণকে গবেষণায় আকৃষ্ট ও উৎসাহিত করতে এবং তাদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা গবেষণার কাজে যথাযথভাবে ব্যবহারের জন্য তাদের চাকরির বয়সসীমা হবে ৬৭ (সাতষট্টি) বছর।
এই ধারাটি বিলুপ্ত হল এখন।
“বিসিএসআইআর এর বিদ্যমান আইনের ফলে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতায় গবেষক ও বিজ্ঞানীদের এবং সকল সরকারি কর্মচারীদের মাঝে একটি বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সকল গবেষক/বিজ্ঞানীদের বয়সসীমা নির্ধারণের জন্য একই আইন প্রণয়নের সুবিধার্থে বিদ্যমান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইনের ১২ ধারা ৪ উপধারাটি বিলুপ্ত হওয়া প্রয়োজন।”
মন্ত্রী আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গবেষণা কাজে নিয়োজিত সh মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর বিজ্ঞানীদের অবসর গ্রহণের বয়সসীমা সংক্রান্ত একই রকম ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
