বিদ্যুৎ বিভাগে দ্বিতীয় ধাপে ইন্টার্ন ১৫০ প্রকৌশলী
দ্বিতীয় বারের মতো নবীন শিক্ষার্থীদের নিয়ে চাকরি পূর্ব প্রশিক্ষণ বা ইনটার্নশিপ শুরু হয়েছে বিদ্যুৎ বিভাগে।
বিদ্যুৎ, জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও বেসরকারি গবেষণা সংস্থা সিআরআইর উদ্যোগে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
সোমবার বিদ্যুৎ ভবনে প্রথম ইন্টার্নশিপ প্রকল্পের ১০০ শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ ও নতুন প্রকল্পের ১৬৫ শিক্ষার্থীর ইন্টার্ন কার্ক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, উন্নত বিশ্বে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ ধরনের পদ্ধতি চালু থাকলেও বাংলাদেশে বিদ্যুৎ বিভাগই প্রথম এই প্রশিক্ষণ চালু করেছে। পররাষ্ট্র ও আইসিটি মন্ত্রণালয়েও ইন্টার্নশিপ চালু হয়েছে।
“ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সাথে দ্রুত খাপ খাওয়াতে ইন্টার্নশিপ কার্যকর অবদান রাখবে। চাকরিপূর্ব প্রশিক্ষণ বা ইন্টার্ন দক্ষ জনগোষ্ঠী গঠন করবে,” বলেন প্রতিমন্ত্রী।
অচিরেই প্রতি বছর ৫০০ শিক্ষার্থীর ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে বলে জনান নসরুল হামিদ।
বিভিন্ন মন্ত্রণালয়ে এ পর্যন্ত ২৬৫০০ জনকে চাকরি, প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
