বর্ষবরণ অনুষ্ঠানে সময় নিয়ন্ত্রণ ও মুখোশ নিষিদ্ধে উদীচীর প্রতিবাদ
পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের সময় নিয়ন্ত্রণ ও মুখোশ নিষিদ্ধ করে প্রশাসনের সিদ্ধান্তকে ‘একতরফা’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বুধবার বিকালে এক বিবৃতিতে ক্ষোভ জানান উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। মঙ্গল শোভাযাত্রাসহ এই ধরনের অনুষ্ঠানে মুখোশ পরায়ও বিধিনিষেধ থাকছে।
২০১৬ সালে পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন নিপীড়নের ঘটনার পর থেকে প্রতি বছর সরকারের এই নির্দেশনার বিরোধিতা করছেন সংস্কৃতিকর্মীরা। ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং আসাদুজ্জামান নূর।
উদীচীর বিবৃতিতে বলা হয়, “এ ধরনের হঠকারি সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই সিদ্ধান্তের মাধ্যমে উৎসবমুখর বাঙালির প্রাণের উচ্ছাসকে দমন করা হচ্ছে।
“এধরনের নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ধর্মীয় মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী প্রশ্রয় পাবে।”
বিবৃতিতে আরো বলা হয়, “মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ব্যবহার নিষিদ্ধ করা বিষয়ক যে নির্দেশনা দেওয়া হয়েছে তা সার্বিকভাবে উৎসবের বৈচিত্র্যকে খর্ব করবে।”
উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
