রোহিঙ্গা ক্যাম্পে যাবেন মিয়ানমারের মন্ত্রী: মাহমুদ আলী
মিয়ানমারে দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে সেদেশের একজন মন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সোমবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই মন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মিয়াট আয়ে ১১ এপ্রিল রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
গত ২৫ অগাস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। রাখাইনে তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ।
প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য আট হাজার ৩২ জনের একটি তালিকাও দেওয়া হয়েছিল মিয়ানমারকে। ওই তালিকা যাচাই-বাছাই করে ৩৭৪ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, যে কোনো সময় তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত তারা।
মিয়ানমারে সহিংসতার মুখে গত ২৫ অগাস্ট থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে সাত লাখের বেশি রোহিঙ্গা
১১ এপ্রিল উইন মিয়াট আয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করলে প্রথম মিয়ানমারের মন্ত্রী হিসেবে সেখানে যাবেন তিনি।
লাভরভের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা চান মাহমুদ আলী।
রুশ পররাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে সম্পৃক্ত করতেও রাজি হয়েছে মিয়ানমার।
সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে মিলে কাজ করার প্রত্যাশা জানিয়ে মাহমুদ আলী বলেন, “বাংলাদেশ খুব বড় দেশ নয়। এটা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। তাই আমরা বাড়তি লোক নিতে পারি না। আশা করছি, সবাইকে (রোহিঙ্গাদের) ফিরিয়ে নেবে।”
১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, মস্কোর সঙ্গে সার্বিক সম্পর্ক ‘ভালো’।
“আন্তর্জাতিক ফোরামে আমরা একসঙ্গে কাজ করি।”
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে চুক্তি সইয়ের ক্ষেত্রে মস্কোর সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, কখন থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হবে তার সময়সীমা নির্ধারণ করাটা ‘সহজ নয়’।
রাখাইনে তাদের থাকার মতো কোনো ঘর না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, কেবল অনুকূল পরিবেশ তৈরি হলেই তারা ফিরতে পারে।
ভারত, চীন, জাপান ও ইন্দোনেশিয়ার মতো রাখাইনে অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতেও রাশিয়ার প্রতি অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
সোমবার মস্কোয় দ্বিপক্ষীয় বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি-রয়টার্স
লাভরভ বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন। প্রত্যাবাসন প্রক্রিয়ায় ইউএনএইচসিআর ও অন্যান্য জাতিসংঘ সংস্থার সম্পৃক্তিতে মিয়ানমারের সম্মতি দেওয়াকে সংকট সমাধানের ক্ষেত্রে শুভ লক্ষণ বলে মনে করছেন তিনি।
“এক্ষেত্রে রাশিয়ার সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।”
গত অগাস্টে রোহিঙ্গা সংকট শুরুর পর বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে একে মিয়ানমারের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেছিল রাশিয়া। সে সময় মস্কোর পক্ষ থেকে বলা হয়, মিয়ানমারের ‘অভ্যন্তরীণ বিষয়ে’ হস্তেক্ষেপের চেষ্টা শুধু সেখানে আন্তঃধর্মীয় বিভেদ বাড়িয়ে দিতে পারে।
পরে তাদের অবস্থানের বদল ঘটে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নভেম্বরে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই হলে তাকে সাধুবাদ জানায় মস্কো। ফেব্রুয়ারিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাখাইন পরিস্থিতি নিয়ে এক বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বের চেষ্টায় উদ্বেগ জানান রুশ প্রতিনিধি।
দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে ১৯৭১ সাল থেকে বাংলাদেশ-রাশিয়ার সম্পর্কের কথা উল্লেখ করে লাভরভ বলেন, “গত দুই বছরে আপনি (মাহমুদ আলী) ও আমি চার বার সাক্ষাৎ করেছি। এটা আমাদের সম্পর্কের সব দিকে ইতিবাচক প্রভাব ফেলেছে।
“১৯৭১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রথম দিকে স্বীকৃতি দানকারী দেশগুলোর একটি ছিল সোভিয়েত ইউনিয়ন। তারপর থেকে সব সময় পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সমতার নীতির ভিত্তিতে আমাদের সম্পর্ক চলে আসছে।”
দুই দেশের সরকার, মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক জোরদারের কথা উল্লেখ করেন তিনি।
২০১৭ সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৪ শতাংশ বেড়ে ১৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
“আপনাদের দেশে গ্যাজপ্রম সফলতার সঙ্গে কার্যক্রম চালাচ্ছে। আমরা যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথম পরমাণু বিদ্যুৎ তৈরি করছি। সামরিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধিরও ভালো সম্ভাবনা রয়েছে,” বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
