রানা প্লাজার মালিকের মায়ের ৬ বছরের সাজা
ঘোষিত আয়ের বাইরে অবৈধ সম্পদের মালিকানা থাকায় এবং সম্পদের তথ্য গোপন করায় সাভারের সেই রানা প্লাজার মালিক সোহেল রানা মা মর্জিনা বেগমকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তার নামে থাকা সাভার বাজার রোডের একটি পাঁচ তলা বাড়ির এক তৃতীয়াংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক।
ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
জামিনে থাকা মর্জিনা বেগম রায়ের সময় আদালতে হাজির ছিলেন। আদালত সাজা ঘোষণার পর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়।
তাকে তিন বছর সাজা খাটতে হবে দুর্নীতি দমন আইনের একটি ধারায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে। আর বাকি তিন বছরের দণ্ড হয়েছে সম্পদের তথ্য গোপনের অভিযোগে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে বিশ্বের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত হন এক হাজার ১৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।
ধসে পড়া রানা প্লাজা (ফাইল ছবি)
বিভিন্ন অভিযোগে তখন রানার বিরুদ্ধে মামলা করার পাশাপাশি তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত সম্পদের উৎসের অনুসন্ধানে নামে দুদক।
এ মামলার নথি থেকে জানা যায়, দুদকের নোটিসে ২০১৩ সালের ২১ নভেম্বর মর্জিনা তার সম্পদের যে হিসাব দাখিল করেন, সেখানে চার কোটি ৮২ লাখ ৬৩ হাজার ৭৬৮ টাকার স্থাবর এবং ১ লাখ ৩০ হাজার টাকার অস্থাবর সম্পদ দেখানো হয়।
ওই সম্পদের মধ্যে সাভার বাজার রোডে চার শতক জমির উপর একটি পাঁচ তলা বাড়ির এক তৃতীয়াংশ, আরেকটি খতিয়ানে ৪১ শতক জমির ৪০ শতাংশ, সাভার বাজার রোডের বি-৬৯/১ নম্বর হোল্ডিংয়ে পাঁচ তলা একটি ভবনের এক তৃতীয়াংশ এবং রানা প্লাজার ৪০ শতাংশের মালিকানা দেখানো হয় রানার মা মর্জিনার নামে।
কিন্তু তদন্ত করে দুদক একটি বাড়ির নির্মাণ ব্যায়ের ৪২ লাখ ২০ হাজার ৪৪৮ টাকা এবং রানা প্লাজা নির্মাণে ছয় কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৪২ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায়।
ওই অভিযোগে রমনা থানায় ২০১৫ সালের ১২ এপ্রিল মামলা দায়ের করা হয়। পরে দুদক অভিযোগপত্র দিলে এ মামলায় রানার মায়ের বিচার শুরু করে আদালত।
দুদকের তলবে সম্পদের হিসাব দাখিল না করায় একই আদালত ২০১৭ সালের ২৯ অগাস্ট সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল।
রানার বিরুদ্ধে ভবন ধসের ঘটনার হত্যা মামলা, ভবন নির্মাণে দুর্নীতির মামলা, অস্ত্র মামলা ও ভবন নির্মাণে দুর্নীতির মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।
