একাত্তরের গণহত্যাকে নাৎসি বাহিনীর গণহত্যার সঙ্গে তুলনা জার্মান শিক্ষকের
একাত্তরে পাকিস্তানি বাহিনীর চালানো বাঙালি গণহত্যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেছেন জার্মানির এক শিক্ষক।
ওল্ডেনবুর্গের কার্ল ফন ওসিয়েৎস্কি ইউনিভার্সিটির শিক্ষক ড. ক্যাথারিনা হফমান বুধবার ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলোচনায় এই তুলনা করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির এডলফ হিটলারের নাৎসি বাহিনী পাঁচ বছরে ইউরোপের বিভিন্ন দেশে ৬০ লাখের মতো ইহুদিকে হত্যা করেছিল।
একাত্তরে বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা দমাতে পাকিস্তানি বাহিনী নয় মাসে ৩০ লাখ মানুষকে হত্যা করে।
নাৎসি বাহিনীর গণহত্যা স্মরণ করা হলেও বাংলাদেশের এই গণহত্যার বিষয়টি বিশ্ববাসীর মনোযোগ পায়নি বলে মনে করেন জার্মান গবেষক হফমান। তিনি একে ‘ফরগটেন জেনোসাইড’ আখ্যায়িত করেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের দ্বাবিংশতিতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শেষ দিনে ‘গণহত্যার পরম্পরায় আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপট’ বিষয়ে স্মারক বক্তৃতা দেন হফমান।
“এই মুহুর্তে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা হচ্ছে, সেটির প্রতিবাদ দরকার। মিয়ানমার সরকার এই গণহত্যা নিয়ে রাজনীতি করছে। এক্ষেত্রে শক্তিশালী রাষ্ট্রগুলোর এগিয়ে আসা উচিৎ।”
হফমান বলেন, গণহত্যার বিচার তো হতেই হবে। সেই সাথে গণহত্যার স্মৃতি সংরক্ষণ ও তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
গণহত্যার স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে মানবতাবোধ তৈরি সম্ভব বলে মত প্রকাশ করেন তিনি।
স্মারক বক্তৃতার আগে জাদুঘরের উন্মুক্ত মঞ্চে রঙ্গপীঠ নাট্যদলের পথনাটক ‘খেয়াপারের মাঝি’ ও বিভিন্ন স্কুলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
