২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মারামারি

উত্ত্যক্ততাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক ছাত্রকে মারধরের পর দুই দফায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 05:09 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

মঙ্গলবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন তিনজন; এর মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতকোত্তর পর্বের ছাত্র সরদার শাহাদাত হোসেন এবং ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের দুই ছাত্র শামীম ও রাব্বি।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে শাহনেওয়াজ হলের সামনে বিজয় ক্যাফেতে শাহাদাত ও তার এক বান্ধবীর সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের তর্কাতর্কি থেকে মারামারি বাঁধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, “ঢাকা কলেজের এই ছাত্ররা শাহদাত এবং তার বান্ধবীকে কটাক্ষ করে উচ্চস্বরে কথা বললে তিনি গিয়ে নাম-পরিচয় জানতে চান। কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা কলেজের ওই ছাত্ররা শাহাদাতকে মারধর করে।”

শাহদাতের মাথা ফেটে গেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। তার মাথায় চারটি সেলাই লেগেছে।

আহত শাহাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওরা টিজ করছিল। আমি প্রতিবাদ জানাতে গেলে আমাকে মারধর শুরু করে।”

রাতে শাহাদাতকে মারধরের পর শাহনেওয়াজ ছাত্রাবাস থেকে ছাত্ররা বেরিয়ে এসে ঢাকা কলেজের ওই ছাত্রদের ধাওয়া দেন। নীলক্ষেত মোড়ে তাদের ধরে দুজনকে মারধর করেন।

তখন আহত রাব্বি ও শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় ও কপালে একাধিক সেলাই লেগেছে।

রাব্বি ও শামীমকে মারধরের  পর রাত ১১টার দিকে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী শাহনেওয়াজ হলের সামনে রামদা, রড, লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। তারা ছাত্রাবাসের দিকে ইট ছুড়তে থাকেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

ঘটনার বিষয়ে নিউ মার্কেটে থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহনেওয়াজ হল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে তিনজন আহত হয়েছেন। তবে ঘটনা শোনার পরপরই আমরা ফোর্স নিয়ে সেখানে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।"

শাহনেওয়াজ ছাত্রাবাসের ছাত্রদের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামালের অনুসারীরা এই হামলা চালিয়েছে।

এই বিষয়ে কথা বলতে মঙ্গলবার রাতে ও বুধবার একাধিকবার কামালের মোবাইলে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা শোনার পরপরই আমি ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে কথা বলি। আমরা এই বিষয়ে অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি করেছি। তদন্ত কমিটি রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে।"