ইউএস-বাংলা দুর্ঘটনা: পা হারাচ্ছেন কবির
ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় বেঁচে গেলেও কবির হোসেনের ডান পাটি কেটে ফেলতে হচ্ছে।
এই বাংলাদেশিকে সিঙ্গাপুর নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা এই সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান বাংলাদেশে তার চিকিৎসক ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসাইন ইমাম।
গত ১২ মার্চ কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশি মারা যান, আহত অবস্থায় বেঁচে যান কবিরসহ ১০ বাংলাদেশি।
এই ১০ জনের মধ্যে সাতজনকে দেশে এনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে অগ্নিদগ্ধ শাহীন ব্যাপারীর মৃত্যুর খবর জানানোর সময় কবিরের অবস্থাও সাংবাদিকদের জানান বার্ন ইউনিটের চিকিৎসকরা।
সোমবার ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর নেওয়া হয় কবিরকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডা. সি জ্যাকের অধীনে তার চিকিৎসা চলছে।
বাংলাদেশের চিকিৎসকরাও কবিরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত দিয়েছিলেন। তখন তার পরিবার সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করলে তাকে সেখানে পাঠানো হয়।
ডা. হোসাইন ইমাম সিঙ্গাপুরের চিকিৎসক সি জ্যাকের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কবিরের ডান পায়ে আজ বা কালই অপারেশন হবে। পাটি বাঁচানো যাচ্ছে না, সিঙ্গাপুর থেকে জানিয়েছে। বাঁ পাটিও বাঁচানো যাবে কি না, তা নিশ্চিত করে জানাননি তারা (সিঙ্গাপুরের চিকিৎসকরা।”
এই বিমান দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশি ইমরানা কবির হাসি ও রিজওয়ানুল কবিরও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসাও চলছে ডা. সি জ্যাকের তত্ত্বাবধানে। রুয়েট শিক্ষক ইমরানার হাতেরও চারটি আঙুল কেটে ফেলতে হয়েছে।
আহত অন্যরা মূলত অগ্নিদগ্ধ হলেও কবিরের দুই পাই হাঁটুর নিচে অনেক জায়গায় ভেঙে গেছে। বুকেও আঘাত পান তিনি।
মাদারীপুরের শিবচর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত মোসলেম আলী মাতব্বরের ছেলে কবির স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ঢাকার উত্তরখানের কুনিপাড়া এলাকায় নিজের বাড়িতে থাকেন।
প্রসাধনী সামগ্রীর আমদানিকারক কবির ব্যবসার কাজে প্রতি মাসে একাধিকবার দেশের বাইরে যেতেন। একই উদ্দেশ্যে ১২ মার্চ ঢাকা থেকে ইউএস-বাংলার ফ্লাইটে চেপেছিলেন তিনি।
কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর কবিরকে আহত অবস্থায় উদ্ধারের পর নেপালের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে এনে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
আহত কবির হোসেন
শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারাত্মক আহত হওয়ায় মুষড়ে পড়েছে ব্যবসায়ী কবিরের পরিবার। বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পড়ুয়া তিন সন্তানকে নিয়ে দিশাহীন অবস্থায় রয়েছেন তার স্ত্রী হেনা কবির।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মীয়-স্বজনদের আর্থিক অবস্থাও ততটা স্বচ্ছল না হওয়ায় ভবিষ্যতে পরিবার নিয়ে তার শঙ্কা বেড়েই চলছে।
“তিনটি সন্তানই পড়ালেখা করছে। বাড়ির একটা লোনও আমার মাথার ওপরে আছে। উনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। কী করব জানি না।”
ইউএস-বাংলা থেকে যদি সহায়তা পান সেক্ষেত্রে পরিবারের ভারণ-পোষণ হয়তো তাৎক্ষণিকভাবে সামাল দিতে পারবেন বলে হেনা আশা করছেন।
