২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাপ নিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ

কয়েক গজ দূরেই ফুটওভার ব্রিজ রেখে দ্রুত গতিতে গাড়ি চলাচলের ফাঁক গলে রাস্তা পার হচ্ছিলেন পথচারীরা- ঢাকার বিমানবন্দর সড়কের কুড়িল মোড়ে তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধে গোলাপ নিয়ে এগিয়ে এলেন একদল তরুণ।  

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 11:08 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীরা বুঝিয়ে-শুনিয়ে পথচারীদের রাজি করাচ্ছিলেন ফুটওভার ব্রিজটি ব্যবহার করতে। বৃহস্পতিবার বিকালে কুড়িল বিশ্বরোড এলাকায় এ দৃশ্য দেখে অনেকেই এগিয়ে এসে এই তরুণদের উৎসাহ যুগিয়েছেন।

জীবনের ঝুঁকি থেকে রাস্তা পারাপার থেকে বিরত থাকতে বিভিন্ন সময় ট্রাফিক পুলিশের অভিযান সংবাদ শিরোনাম হয়েছে। এবার এ বিষয়ে সচেতনতা তৈরিতে মাঠে নামলেন রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের সংগঠন ‘সকারস’র সদস্যরা।

হাতে গোলাপ তুলে দিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধে সাড়া দিয়েছেন অনেকে। আবার কেউ কেউ পথ চলেছেন আগের মতো করেই।

Image
গোলাপ ফুল দিয়ে পথচারীদের ফ্রুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করার চেষ্টা। ছবি: মাহমুদ জামান অভি

গোলাপ ফুল দিয়ে পথচারীদের ফ্রুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করার চেষ্টা। ছবি: মাহমুদ জামান অভি

Image
গোলাপ ফুল দিয়ে পথচারীদের ফ্রুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করার চেষ্টা। ছবি: মাহমুদ জামান অভি

গোলাপ ফুল দিয়ে পথচারীদের ফ্রুটওভার ব্রিজ ব্যবহারে উৎসাহিত করার চেষ্টা। ছবি: মাহমুদ জামান অভি

তরুণদের এই প্রচেষ্টায় মুগ্ধ মো. হাশর নামের এক পথচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এই পথ ধরে প্রতিদিনই ঝুঁকি নিয়ে রাস্তা পার হই। কিন্তু আজকের এই আয়োজন দেখে সত্যিই ভালো লাগল।”

কিছুটা দূরত্বে থাকা ফুটওভার ব্রিজ ধরেই এদিন রাস্তা পাড়ি দেন হাশর।

হাতের ফুলটি সেচ্ছাসেবকদের ফিরিয়ে দিয়ে তিনি বলেন, “এই ফুল আরেকজন পথচারীর হাতে তুলে দিন। আমি ফুটওভার ব্রিজ ধরেই যাচ্ছি।”

স্বেচ্ছাসেবক সৌরভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, “আমরা কয়েকজন বন্ধু চাঁদা দিয়ে এই আয়োজন করেছি। সড়কে নিরাপদ চলাচল ও ফুটপাত নিয়ে মানুষকে সচেতন করাই আমাদের উদ্দেশ্য।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে রয়েছে ৩৭টি ফুটওভার ব্রিজ। প্রায় সমান সংখ্যক পদচারী সেতু রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে। তবে ব্যস্ত অনেক মোড়েই ফুটওভার ব্রিজ রেখে গাড়ির ফাঁক গলে রাস্তা পার হন অনেকে।

এভাবে রাস্তা পারাপারে দুর্ঘটনার পাশাপাশি যানজট তৈরি হয় বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে সাবধান করা হয়েছে।