চারুকলায় শুরু মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি
বাংলা নববর্ষ বরণের সবচেয়ে আকর্ষণীয় আনুষ্ঠানিকতা মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।
বৃহস্পতিবার দুপুরে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি প্রাঙ্গণে ছবি এঁকে বাংলা ১৪২৫ সালকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির সুচনা করেন শিল্পী রফিকুন নবী।
এসময় তিনি বলেন, “ঐতিহ্য বজায় রেখে চারুকলা অনুষদ প্রায় এক মাস আগে নববর্ষ উদযাপন শুরু করেছে। শিল্পকর্মের মাধ্যমে তারা বাংলাদেশের সমৃদ্ধি কামনা করবেন, দেশবাসীর কাছে পৌঁছে দেবেন শুভ বার্তা।”
জাতীয় বৈশাখ উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক নিসার হোসেন জানান, এ বছর মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে নেতৃত্ব দিচ্ছে চারুকলা অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা।
এবারের মঙ্গল শোভাযাত্রায় চারুকলার শিক্ষক, শিক্ষার্থীরা সরাচিত্র ও মুখোশের পাশাপাশি নানা হস্তশিল্পও হাজির করবেন বলে জানান চারুকলার এই শিক্ষক।
১৯৮৯ সালে স্বৈরাচার বিরোধী ভাবমূর্তি নিয়ে চারুকলা থেকে শুরু হয় পহেলা বৈশাখের এই আনন্দ শোভাযাত্রা। সময়ের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে চারুকলার এই ‘মঙ্গল শোভাযাত্রা’ গত বছর ৩০ নভেম্বর ইউনেস্কো কর্তৃক ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ এর স্বীকৃতি পায়।
