নেপালের জন্য উড়োজাহাজ প্রস্তুত: শাহরিয়ার আলম
কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সহায়তার জন্য বাংলাদেশ উড়োজাহাজ প্রস্তুত করে রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিমানবন্দর এখন বন্ধ। আমরা জেনেছি আপাতত সেখানে কোনো জরুরি চিকিৎসা পরিস্থিতি নেই। তাই আমরা আমাদের দল প্রস্তুত রেখেছি, খুললেই যাতে উড়াল দিতে পারে।”
বিকাল ৫টার পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনা: আমাদের দুতাবাসের কর্মকর্তারা হাসপাতাল এবং এয়ারপোর্টে আছেন।”
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের হট লাইন নম্বরও তিনি দিয়েছেন:
আল আলামুল ইমাম, কনস্যুলার
ফোন: +9779810100401
অসিত বরণ সরকার
ফোন: +9779861467422
প্রতিমন্ত্রী লিখেছেন, “কিন্তু সুনির্দিষ্ট তথ্য দিতে তাদেরও অন্তত ২ ঘণ্টা সময় লাগবে। কারও পরিচিত কোনো যাত্রী থাকলে সেই তথ্যগুলো দিয়ে রাখতে পারেন।”
ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ ঢাকার শাহজালাল থেকে রওনা হয় বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫২ মিনিটে। নেপাল সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে উড়োজাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ বলছে, ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের ওই উড়োজাহাজে ৭১ জন আরোহীর মধ্যে ৬৭ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৮ জন নারী এবং দুইজন শিশু।
এই ঘটনায় নিহতের সংখ্যা ৫০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, ওই উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ১৭ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য একটি হটলাইন খুলেছে দূতাবাস কর্তৃপক্ষ।
