বাংলামোটরের যৌন নিপীড়কদের শনাক্ত করা হচ্ছে: প্রতিমন্ত্রী
সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাতই মার্চ রাজধানীর বাংলামোটরে কলেজছাত্রীকে যৌন নিপীড়নে জড়িতদের শনাক্ত করা হচ্ছে বলে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “গত ৭ তারিখে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল, তার মধ্যে একটি ঘটনা ঘটেছে বাংলামোটরে। মিটিংটা কিন্তু বাংলামোটরে হয়নি, হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে।সিসি ক্যামেরার ফুটেজ থেকে ঘটনাটি দেখা হচ্ছে এবং অপরাধীকে শনাক্ত করা হচ্ছে।”
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ছিল। ক্ষমতাসীন দলটির বিভিন্ন ওয়ার্ড শাখা এবং ছাত্রলীগ, যুবলীগের মত সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ওই জনসভায় যোগ দেন।
বাংলামোটরে এরকম একটি মিছিলের মধ্যে পড়ে একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা এক কলেজছাত্রী ফেইসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।
সেখানে তিনি অভিযোগ করেন, কলেজ থেকে ফেরার সময় এই জনসভার কারণে বাস না পেয়ে হাঁটতে হাঁটতে বাংলামোটরে আসার পর একটি মিছিলে থাকা একদল যুবক তাকে ঘিরে ফেলে যৌন নিপীড়ন করে।
প্রতিমন্ত্রী চুমকি বলেন, “আমরা বিশ্বাস করি, এই সরকারের সময় যে অন্যায় করবে সে কোনোভাবেই যেন পার না পায় এবং নারীর প্রতি সহিংসতার সাথে কারও সম্পৃক্ততা প্রমাণ হলে তার বিচার হবে। আর বিচারটা যখন হবে সেই রায় আমরা প্রতিটি পেপারের প্রথম পাতায় দেখতে চাই।”
নারীর প্রতি সহিংসতা রোধে জনগণের সচেতনতা প্রত্যাশা করে তিনি বলেন, “সচেতনতা শুধু সব সরকারের থাকবে আর জনগণের থাকবে না, তা কিন্তু নয়। প্রকাশ্যে একটা ঘটনা ঘটলে আশপাশের মানুষরা কী করেছে? তারা কি কিছুই দেখেনি? কেউই কি ছিল না? এটাই আমার কাছে বিস্ময় লাগে। নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নারীকে মানুষ হিসেবে ভাবতে হবে।”
জনগণকে সম্পৃক্ত করে বাল্য বিয়ে বন্ধ করতে সারা দেশে একযোগে কাজ করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অনেক রিপোর্ট দিয়ে ফেলে আন্তর্জাতিকভাবে বা দেশের মধ্যে থেকেও যে বাল্য বিয়ে বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কীভাবে রিপোর্ট দেয় জানি না।
“আমি চ্যালেঞ্জ দিব, বাংলাদেশে বাল্য বিয়ে বাড়েনি। অনেক কমে যাচ্ছে দেশে বাল্য বিয়ে এবং সচেতনতা আসছে। আঠারো বছরের নিচে বিয়ে হলে তা দণ্ডনীয় অপরাধ। এটা কিন্তু সবার মাথার ভেতরে ঢুকে গেছে। অল্প বয়সে কারও বিয়ে দেওয়া হলে সেটা কিন্তু পত্রিকায় চলে আসে। এগুলো কি আমাদের সচেতনতার অংশ নয়?”
বাল্য বিয়ে রোধে স‘রকার প্রতিজ্ঞাবদ্ধ বলেই’ জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা একেকটি এলাকাকে বাল্য বিয়ে শূন্য করার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
দেশের উন্নয়নকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা বা উন্নয়নের তথ্য সঠিকভাবে প্রচার না করার জন্য বিভিন্ন রিপোর্ট আসতে পারে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “এই রিপোর্টগুলোকে আমরা গ্রহণ করি না। আমরা দৃঢতার সাথে বলতে পারি, নারীর ক্ষমতায়নে এবং চ্যালেঞ্জগুলো যেগুলো আছে, সেগুলো মোকাবেলায়ও আমরা ও আমাদের সরকার দৃঢভাবে কাজ করে যাচ্ছি।”
এ সময় নারীর উন্নয়নে সংবাদমাধ্যমের আরও ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অগ্রযাত্রায় অদম্য নারী: সেমিনার ও সম্মাননা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক ভোরের কাগজ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন নারীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সাংবাদিক দিল মনোয়ারা মনু বলেন, “রাজনীতির ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন না হওয়া পর্যন্ত নারীরা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যদি আমরা না যেতে পারি, তবে আমাদের অগ্রযাত্রা বিঘ্নিত হবে।
“সংরক্ষিত নারী আসনে নির্বাচন ও এলাকা নির্ধারিত হলেই নারী তার যোগ্যতা নিয়ে কথা বলতে পারবে, সম্মান নিয়ে কথা বলতে পারবে। তার এলাকায় তার জবাবদিহি থাকবে এবং তার গ্রহণযোগ্যতা বাড়বে।”
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, “আমাদের সংবিধান বলে, সমাজে যদি কেউ বিশেষভাবে অনগ্রসর থাকে তাহলে তাকে বিশেষভাবে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রচেষ্টা নেবে। এটি শুধু রাষ্ট্রের প্রচেষ্টার বিষয় নয়, আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে গেরিলা মুক্তিযোদ্ধা ফোরকান বেগম, ভাষা সংগ্রামী ও লেখক চেমন আরা, জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠা চিকিৎসা পদ্ধতি ‘সায়েবা ম্যাথডের’ স্রষ্টা অধ্যাপক ডা. সাঈবা আক্তার, টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু ও বাংলাদেশ নারী পুলিশ অ্যাওয়ার্ডপ্রাপ্ত র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহেদা সুলতানার হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য কবি কাজী রোজী, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপু উকিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-স্বনির্ভর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন।
