২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল ‘চুরিতে বাধা দেওয়ায়’ নিরাপত্তাকর্মী খুন

ঢাকার দারুস সালাম এলাকার উত্তর টোলারবাগে এক নিরাপত্তাকর্মীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 06:41 PM

Updated : 19 Aug 2022, 01:43 PM

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম জানান, মোটরসাইকেল চুরিতে বাধা দেওয়ায় বৃহস্পতিবার মধ্যরাতে ছুরি মেরে ওমর ফারুক নামের ৩০ বছর বয়সী ওই নিরাপত্তাকর্মীকে খুন করা হয়।

“প্রাথমিক তদন্তে জানা গেছে, চোরেরা গেটের দুটি তালা ভেঙে উত্তর টোলারবাগের ১৯-সি হোল্ডিংয়ের বাসায় ঢুকে মটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওমর ফারুক তাদের বাধা দিতে গিয়ে ছুরিকাহত হন।”

রাত ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো এক সময় ওই ঘটনা ঘটে। শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতে রক্তাক্ত ওমর ফারুককে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মোটরসাইকেলটি পাওয়া গেলেও এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

ওই মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার থাকায় পুলিশ অনুসরণ করতে পারে অনুমান করে সেটি ফেলে চোরেরা পালিয়ে যায় বলে ধারণা করছেন তদন্তকারীরা।

পরিদর্শক ফারুকুল বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।