নারী দিবসে ‘কনসার্ট ফর উইমেন’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘কনসার্ট ফর উইমেনে’ গাইলেন তাহসান, ন্যান্সি, মিনার, ইমরান, ব্যান্ডদল এলআরবি ও বন্দনা।
বৃহস্পতিবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এই কনসার্টের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় পাঁচ হাজার নারী বিনামূল্যে এই কনসার্ট উপভোগ করার সুযোগ পান।
কনসার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুনন্দা রায় এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
অতিথিরা সবাই নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে নারীর ক্ষমতায়নকে আরও বেগবান করার প্রত্যয় জানান।
কনসার্ট ফর উইমেনে ছিল র্যাফেল ড্র, যেখানে রানার অটোমবাইলসের সৌজন্যে একটি স্কুটি ও ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে তিনটি হীরার গহনাসহ মোট দশটি পুরস্কার দেওয়া হয়।
‘শান্তি ও সম্প্রীতিতে নারী কনসার্ট’
নারী দিবস উপলক্ষে ইউএন উইমেন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজন করে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী কনসার্ট’।
এতে ইউএন উইমেন বাংলাদেশের প্রধান শো কো ইশিকাওয়া বলেন, “২০৩০ সালের মধ্যে আমরা জিরো ভায়োলেন্স, জিরো ডিসক্রিমিনেশনের একটা বিশ্ব গড়ে তুলতে চাই। একই সাথে আমরা নারী ও পুরুষের জন্য একটি সমতাভিত্তিক বিশ্বও প্রতিষ্ঠা করতে চাই। এক্ষেত্রে আমরা তরুণদের আরও বেশি অংশগ্রহণ চাই, তারাই এমন বিশ্ব প্রতিষ্ঠায় অগ্রদূতের ভূমিকা পালন করবে।”
এ বছর নারীর অগ্রযাত্রায় সামাজিক অবদানকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে ইউএন উইমেন।
ইউএন উইমেনের পিস অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রোগ্রাম অফিসার মাইদা চৌধুরী বলেন, “এবারের নারী দিবসে আমরা শহর ও গ্রামের নারী অধিকারকর্মীদের সম্মাননা জানাচ্ছি। নারী জাগরণ, নারী ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করা বেগম রোকেয়া, সুফিয়া কামাল, তারামন বিবি, প্রীতিলতা ওয়াদ্দেদারকে আমরা এ আয়োজনে বিশেষভাবে স্মরণ করছি।”
এ কনসার্ট উপলক্ষে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী' শিরোনামে একটি গান করেছে ব্যান্ড দল চিরকূট। এ গানের সঙ্গে কনসার্ট শুরুর আগে ছিল ফ্ল্যাশমব উপস্থাপনা।
