ঢাকার সঙ্গে আকাশ যোগাযোগে আগ্রহী আসাম
বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুর বিষয়ে আগ্রহী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটির ভিভান্তা বাই তাজ হোটেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানিয়েছেন আসামের রাজ্যপাল জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি ও আসামের রাজ্যপাল দু’দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আকাশপথে যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন।”
বিশ্বের ১২১ দেশের সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দিতে আবদুল হামিদের এই ভারত সফর। আগামী ১১ মার্চ নয়াদিল্লীতে আইএসএ’র এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলনে যোগ দেওয়ার আগে আসাম ও মেঘালয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করছেন আবদুল হামিদ।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় গুয়াহাটি পৌঁছান রাষ্ট্রপতি।
রাজ্যপাল জগদীশ মুখীর সঙ্গে বৈঠকে আবদুল হামিদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার অবস্থানের স্মৃতিচারণ করেন।
আসামের রাজ্যপাল জগদীশ মুখীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
তিনি বলেন, মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও জনগণের অপরিসীম ত্যাগ ও সহযোগিতা বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। বিশেষ করে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার জনগণ বাংলাদেশের আশ্রিত মানুষদের আশ্রয় দিয়ে নিজেরাও অনেক কষ্ট ভোগ করেছেন।
আবদুল হামিদ এসময় দু’দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন।
রাজ্যপাল জগদীশ মুখী রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি একজন মুত্তিযোদ্ধা তাকে স্বাগত জানাতে পেরে আসামের জনগণ আনন্দিত।
আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দনও জানান তিনি।
জগদীশ মুখী দু’দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগের উপরও জোর দেন। তিনি বলেন, দু’দেশের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বিনিময় কার্যক্রম চালু করা গেলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।
রাজ্যপালের পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
তিনি বাণিজ্য-বিনিয়োগ ও পর্যটন সম্ভানাকে কাজে লাগাতে সড়ক, নৌ ও আকাশ পাথে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন বলে জানান প্রেস সচিব জয়নাল আবেদীন।
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি এসময় বলেন, ঐতিহ্যগতভাবে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় তাহলে উন্নয়ন সম্ভাবনাও বাড়বে এবং এতে উভয় দেশ উপকৃত হবে। দু’দেশের সরকারের দায়িত্ব এই সম্ভাবনাকে বাস্তাবে রূপ দেওয়া।
আসামে ব্রহ্মপুত্র নদে নৌবিহারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
এর আগে বিকেলে আবদুল হামিদ গুয়াহাটির কামাখ্যা মন্দির পরিদর্শন করেন এবং ব্রহ্মপুত্র নদে নৌ-ভ্রমণ করেন। রাতে রাষ্ট্রপতি রাজ্যপালের দেওয়া নৈশভোজে অংশ নেন।
