২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে পৌঁছেছেন রাষ্ট্রপতি

বিশ্বের ১২১ দেশের সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক

গুয়াহাটি, আসাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2018, 04:38 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

পুরনো খবর:

ভারত গেলেন রাষ্ট্রপতি

বৃহস্পতিবার  স্থানীয় সময় দুপুর পৌনে ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আসামের রাজধানী গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানান আসামের রাজ্যপাল জগদীশ মুখী।

রাজ্য সরকারের পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কৃষিমন্ত্রী রণজিৎ দত্ত, ঢাকায় ভারতের হাই কামিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন এ সময়।

এই সফরে রাষ্ট্রপতি হামিদ উঠেছেন গুয়াহাটির ভিভান্তা বাই তাজ হোটেলে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তা সাজানো হয়েছে তার ছবি আর তোরণ দিয়ে।

নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) আগামী ১১ মার্চ আইএসএ সম্মেলনে যোগ দেওয়ার আগে আসাম ও মেঘালয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সে সময়ে মেঘালয়ের গুমাঘাট, মৈলাম ও বালাট অঞ্চলে আশ্রয় নেওয়া  বাংলাদেশি তরুণদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে সংগঠিত করেন এবং এই তরুণদের জন্য বালাটে গঠিত ‘ইয়ুথ রিসেপশন ক্যাম্প’ এর সভাপতির দায়িত্ব পালন করেন।

জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলন্দের উদ্যোগে ২০১৫ সালে আইএসএ’র কার্যক্রম শুরু হয়। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে আইএসএ’র সদর দপ্তর।

বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা ও ফ্রান্সসহ ২৩টি দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধান এবং নয়টি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দিল্লি যাওয়ার আগে বৃহস্পতিবার তার সঙ্গে সাক্ষাত করবেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও রাজ্যপাল জগদীশ মুখী। পরে আসামের রাজ্যপালের দেওয়া নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি।

শুক্রবার রাষ্ট্রপতি যাবেন মেঘালয়ের বালাটে। মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করে ওই দিন শিলংয়ে রাজ্যপালের বাসভবন ‘রাজভবনে’ থাকবেন তিনি। মেঘালয়ের রাজ্যপাল গঙ্গা প্রাসাদের দেওয়া নৈশভোজেও তিনি অংশ নেবেন।

১০ মার্চ দিল্লি যাওয়ার পর সেখানে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দেওয়া নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি হামিদ। ১১ম মার্চ আইএসএ’র সম্মেলনের প্লেনারি সেশনে তিনি বক্তব্য দেবেন।

একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি। চার দিনের সফর শেষে ১২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।