২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট নিয়ে বিভেদ বিএনপির আইনজীবীদের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে দুই দলে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 08:51 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

আগামী ২১-২২ মার্চ অনুষ্ঠেয় এই নির্বাচনে দুটি প্যানেল দিয়েছেন তারা। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটেছে।

আইনজীবী সমিতির বর্তমান সভাপতি-সম্পাদক জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকনকে ফের সভাপতি-সম্পাদক প্রার্থী মনোনীত করে মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল ঘোষণা করে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের নেতৃত্বাধীন বিএনপির মনোনয়ন বোর্ড।

এর প্রতিক্রিয়ায় রাতেই স্বজনপ্রীতির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জমির উদ্দীন সরকারের চেম্বারের সামনে বিক্ষোভ করেন বিএনপি সমর্থক আইনজীবীদের একাংশ।

বুধবার সকাল থেকে এ নিয়ে উত্তেজনার মধ্যে বিকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে সভাপতি এবং অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজাকে সম্পাদক প্রার্থী মনোনীত করে আরেকটি প্যানেল ঘোষণা করেন বিএনপিপন্থি আইনজীবীদের এই অংশ।

এরমধ্যে বিকালে জমির উদ্দীন সরকারের চেম্বারের সামনে হাতাহাতিতে লিপ্ত হন দুই প্যানেল সমর্থক আইনজীবীরা। এ সময় উভয়পক্ষকেই পরস্পরকে ‘সরকারের দালাল’ বলতে শোনা যায়।

জয়নুল আবেদীনকে সভাপতি এবং মাহবুব উদ্দিন খোকনকে সম্পাদক প্রার্থী করে যে প্যানেল ঘোষণা করা হয়েছে, তাতে মনোনীত অন্যরা হলেন; সহ-সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, আনজুমানারা বেগম মুন্নী, সদস্য ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, জাহাঙ্গীর জমাদ্দার, এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, নাসরিন খন্দকার শিল্পী।

অপরদিকে তৈমুর আলম খন্দকারকে সভাপতি এবং এবিএম রফিকুল হক তালুকদার রাজাকে সম্পাদক প্রার্থী করে যে প্যানেল ঘোষণা করা হয়েছে সে প্যানেলের অন্য প্রার্থীরা হলেন; সহ-সভাপতি মো. গোলাম রহমান ভূইয়া ও আলহাজ্ব মুহাম্মদ মোসলেম উদ্দিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আয়ুব আলী আসরাফী, সহ-সম্পাদক অ্যাডভোকেট শরিফ ইউ আহমেদ ও অ্যাডভোকেট আবু হানিফ, সদস্য পদে মোহাম্মদ নাজমুল হাসান, অ্যাডভোকেট মমিন উল্লাহ পাটোয়ারী, সাবিনা ইয়াসমিন লিপি, মো. শফি-উর-রহমান, ইকবাল হোসেন, মো. আকবর হোসেন ও আব্দুস সামাদ।

দুই প্যানেলেই জামায়াতপন্থি আইনজীবীরা রয়েছেন।

বিকালে দুই প্যানেলের আইনজীবীদের হাতাহাতির পর ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এসে এবিএম রফিকুল হক তালুকদার রাজা সাংবাদিকদের বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যারা আন্দোলন করে যাচ্ছে, যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের বাদ দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। প্রতি বছরই একই ব্যক্তিদের প্রার্থী করা হচ্ছে। এতে বিএনপিপন্থি ও সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভ বেড়েছে। ক্ষোভের প্রতিফলনই আমাদের এই প্যানেল।”

Image
গত অক্টোবরে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন; এবারও এই দুজনকে সভাপতি-সম্পাদক প্রার্থী করেছে বিএনপির মনোনয়ন বোর্ড

গত অক্টোবরে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন; এবারও এই দুজনকে সভাপতি-সম্পাদক প্রার্থী করেছে বিএনপির মনোনয়ন বোর্ড

এ বিষয়ে জানতে চাইলে মনোনয়ন বোর্ড মনোনীত সভাপতি প্রার্থী জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনোনয়ন বোর্ড যে প্যানেল ঘোষণা করেছে তার বাইরে অন্য কোনো প্যানেলকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এগুলো আওয়ামী লীগ করাচ্ছে। কাজেই এগুলোকে আমরা গুরুত্ব দেই না। স্ট্যান্ডিং কমিটির সবাই বসে প্যানেল ঠিক করেছেন। যারা বাদ পড়েছেন তাদের দিয়ে আওয়ামী লীগ এসব করাচ্ছে।”

তবে তৈমুর আলম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম কোর্ট বারের আইনজীবী ফোরামটা গত দশ বছর যাবৎ দুইটা লোকের কাছে জিম্মি। জাতীয়ভাবে কোনো কমিটি করা হয় না। এতে অনেকেরই ক্ষোভ। তাছাড়া বারবারই একই লোককে নমিনেট করছে। এতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনেকেরই ক্ষোভ আছে। যারা আন্দোলন-সংগ্রাম করেছে তাদের বাদ দিয়ে একমুখী মনোনয়ন দেওয়া হচ্ছে।”

তৈমুর বলেন, “এই বিভক্তিটা করেছে, যারা বারবারই খাইতে চায়। নমিনেশন পাওয়ার সবারই তো অধিকার আছে। কিন্তু দেখা যাচ্ছে এক লোককেই বারবার দেওয়া হচ্ছে। এজন্যই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

“আমি চাই একটি প্যানেলই নির্বাচন হোক। আমি দলটাকে ভালবাসি। আমি নিজেও কোনো প্রার্থী হতে চাই না। আমাদের দলে এখন দুঃসময় চলছে, কিন্তু এক লোকই বারবার নির্বাচন করবে- এটা আমি সমর্থন করি না। মাহবুব উদ্দিন খোকন আইনজীবী ফোরমেও নেতা, বিএনপিরও নেতা আবার বারেরও প্রতিনিধি। আর যারা আন্দোলন-সংগ্রাম করছে, জেল খাটছে তারা কিছু না!”

এই নির্বাচনে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে সভাপতি এবং অ্যাডভোকেট এস কে মোরশেদকে সম্পাদক প্রার্থী করে আওয়ামী লীগপন্থি আইনজীবীদের প্যানেল ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, ১ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা রয়েছে। ২১ ও ২২ মার্চ দুই দিন ভোটগ্রহণ হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার ৬ হাজার ১৫২ জন। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।