২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপত্তা দিয়ে হবে না, জঙ্গি মানসিকতা ধ্বংস করতে হবে’

সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর আক্রমণ থেকে দেশকে মুক্ত করতে হলে কিছু ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে হবে না, এই মানসিকতা সমূলে উৎপাটন করতে হবে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 01:15 AM

Updated : 19 Aug 2022, 01:43 PM

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন তিনি।

নাসিরউদ্দীন ইউসুফ বলেন, “বিচার করে বা নিরাপত্তা দিয়ে এই সংকট থেকে বেরিয়ে আসা যাবে না, এটা কোনো সমাধানও নয়।  জঙ্গিদের প্রতিহত করা যেমন দরকার, তেমনিভাবে জঙ্গি চেতনা ও মানসিকতার সুযোগও নিয়ন্ত্রণ ও ধ্বংস করে দেওয়া উচিৎ।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নাট্য নির্দেশক আহমেদ গিয়াস ও শিল্পী বিশ্বজিৎ রায় উপস্থিত ছিলেন।

সমাবেশে সংহতি প্রকাশ করে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমেদের নেতৃত্বে তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি, পার্ল পাবলিকেশন্সের স্বত্বাধিকারী হাসান জাহেদী তুহিন ও চারুলিপির প্রকাশক হুমায়ূন কবির সেখানে যোগ দেন।

সমাবেশে নাসিরউদ্দীন ইউসুফ বলেন, “জাফর ইকবাল ধর্ম নিয়ে কিছু বলেননি। তিনি মুক্তির কথা বলেছেন, বলেছেন বিজ্ঞানের কথা। তিনি কিশোর মানসিকতাকে ঠিক করতে চেয়েছেন। সেজন্য তাকে হত্যা করতে চেয়েছে।

“যারা তাকে হত্যা করতে চেয়েছে, তারা অন্ধকারে থাকে। তারা কখনও আলোর সাক্ষাৎ করতে চায় না। এই শক্তিকে পরাজিত করতে হলে গোড়াতেই করতে হবে।”

সমাবেশের অন্য বক্তারা শিক্ষা ব্যবস্থায় সংস্কৃতি চর্চার সংকটে ক্ষোভ প্রকাশ করেন। 

তাদের কথার সূত্র ধরে নাসিরউদ্দীন বলেন, “মাদ্রাসা, ইংরেজি ও বাংলা মাধ্যমের শিক্ষার মধ্যে তফাৎ রয়েছে। তিন মাধ্যমের তিনটি শিশু তিনভাবে বড় হচ্ছে। তাদের মধ্যে ঐক্য আশা করেন কীভাবে? 

“এক দল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, আরেক দল বিদেশ যাওয়ার জন্য উদগ্রীব, আরেকটি দল ধর্মান্ধতা ও একমাত্র একটি গ্রন্থ দ্বারা নিয়ন্ত্রিত। শেষ দলটি বহুমাত্রিকতা ও ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে না। তারা তিনজন যখন বড় হবে তখন সংঘাত অনিবার্য।  সে ঘটনাই বাংলাদেশে ঘটছে।”

প্রকাশকদের পক্ষে সংহতি জানিয়ে ফরিদ আহমেদ বলেন, “অধ্যাপক জাফর ইকবাল কিশোর-তরুণদের মুক্তবুদ্ধি ও মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করতেন। আলোকিত মানুষটি সব সময় এ দেশের তরুণদের নিয়ে স্বপ্ন দেখতেন। জাফর ইকবালের উপর হামলা তাই গোটা দেশের উপর হামলা। মুক্তবুদ্ধির চর্চাকে থামিয়ে দিতে তার কণ্ঠকে স্তব্ধ করে দিতেই এ হামলার ঘটনা ঘটেছে।”

নালন্দার প্রতিবাদ

ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে ছায়ানট ভবনের সামনে নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিশুরা মানববন্ধনে অংশ নেয়।  গানে গানে প্রতিবাদ জানায় তারা।

তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘এই কি তবে মানবতা?’, ‘কোথায় আলোর পথ?’, ‘এই শহরে আমরা কি আর আদৌ নিরাপদ?’।