২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকূলতা দেখে হার মানা যাবে না: স্পিকার

কোনো প্রতিকূলতায় হার না মেনে আরও বেশি স্থান নিজেদের করে নিতে নারীদের প্রচেষ্টা চালাতে বলেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 11:11 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

তিনি বলেন, “নারীরা আজ এগিয়ে যাচ্ছে, সমগ্র বিশ্বে বাংলাদেশ নারী ক্ষমতায়নে একটি উজ্জল দৃষ্টান্ত। কাজেই অনেক প্রতিকূলতা থাকবে, সেই প্রতিকূলতার কাছে হার মানা চলবে না। আমরা জায়গা ছাড়ব না। আমরা আরও বেশি স্থান নিজেদের জন্য করে নেব, নিজেদের প্রচেষ্টা থেকে করে নেব।”

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ‘গণমাধ্যমে নারী ও কর্মপরিবেশ’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন দেশের প্রথম নারী স্পিকার।

শিরীন শারমিন বলেন, “আমাদের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় থেমে থাকারও সময় নেই, পেছনে ফিরে তাকানোরও সময় নেই। কেবল একটি পথ সেটি হচ্ছে সামনে এগিয়ে যাওয়া। আমাদের এগিয়ে চলার মধ্যে দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।”

গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে নারীদের বাড়তি সমস্যা মোকাবেলা করার বিষয়টিও আসে তার কথায়।

নারী সাংবাদিকদের কাঙ্ক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ষ্পিকার।

তিনি বলেন, “সমস্যার সমাধান পেতে হলে কোন জায়গায় প্রতিবন্ধকতা, সেই জায়গা চিহ্নিত করতে হবে এবং সমাধানের পথ খুঁজে বের করতে হবে।”

সাংবাদিকতার মতো পেশায় নীতিকতা, সাহসিকতা এবং দৃঢ় মনোবলের বেশি প্রয়োজন উল্লেখ করে শিরীন শারমিন বলেন, “সেই চ্যালেঞ্জ সামনে রেখে এত সংখ্যক নারীরা এই পেশা যখন বেছে নিয়েছেন তাদের উপস্থিতি বাংলাদেশের নারী ক্ষমতায়নে একটি উজ্জ্বল এবং অনন্য দৃষ্টান্ত।”

আলোচনা অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযোদ্ধা, অধিকারকর্মী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুর খবর আসলে তার কৃতিত্বের কথা স্মরণ করে স্পিকার।

তিনি বলেন, “আন্তর্জাতিক নারী দিবস সামনে, কিন্তু আমরা আজকে হারিয়েছি ফেরদৌসী প্রিয়ভাষিণীকে। যিনি ছিলেন সকল সংগ্রাম আন্দোলনের একজন প্রথম সারিতে।”

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ডিআরইউর সাবেক সহ-সভাপতি মাহমুদা চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। তারা দুজনই ডিআরইউর জ্যেষ্ঠ সদস্য।

ডিআরইউর সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভর সঞ্চালনায় অন্যদের মধ্যে নারী সাংবাদিক শাহনাজ মুন্নী, উম্মুল ওয়ারা সুইটি, আঙ্গুর নাহার মন্টি, শাহনাজ শারমিন, সেলিনা শিউলী বক্তব্য দেন।