২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী শিক্ষার্থীদের পড়াতে আদিবাসী শিক্ষক নিয়োগের সুপারিশ

সাঁওতাল, চাকমাসহ বিভিন্ন নৃগোষ্ঠীর শিশুদের জন্য তাদের ভাষায় প্রাক প্রাথমিকের বই প্রকাশ শুরু করলেও ওই ভাষা না জানা শিক্ষকের কারণে সরকারের এই পদক্ষেপ বিঘ্নিত হচ্ছে বলে এক অনুষ্ঠানে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 08:04 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠান থেকে বিভিন্ন ভাষাভাষীর শিশুদের পড়ানোর জন্য ওই ভাষাভাষীর শিক্ষক নিয়োগের সুপারিশ জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার আপাতত না পারলেও বিষয়টিতে দৃষ্টি দেওয়ার আশ্বাস দেন।

দিনাজপুরে আদিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষাদান পদ্ধতির অভিজ্ঞতা বিনিময়ে এই অনুষ্ঠান আয়োজন করে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র ও শাপলানীড়।

সাঁওতাল শিশু ও তাদের অভিভাবকদের প্রাথমিক শিক্ষায় উৎসাহী করতে শাপলানীড়ের সহায়তায় গ্রাম বিকাশ কেন্দ্র দিনাজপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নে ২০১২ সাল থেকে ‘সান্তাল শিশু উন্নয়ন প্রকল্প’ নিয়ে কাজ করছে।

এছাড়া আরেকটি প্রকল্প, ‘আওয়ার স্কুল ফর এথনিক চিল্ড্রেন’ এর আওতায় গ্রাম বিকাশ কেন্দ্র মোট ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ‘কমিউনিটি মবিলাইজার’ দিয়েছে, যারা আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষাদান করে থাকে।

২০১৭ সাল থেকে সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পাঁচটি ভাষায় প্রাক প্রাথমিকের বই প্রকাশ শুরু করে।

অনুষ্ঠানে আয়োজকরা তাদের কাজের অভিজ্ঞতা থেকে বলেন, সাঁওতাল শিশুরা বাংলা ভাষায় কথা বলতে না পারায় তাদের শিক্ষা দিতে বাঙালি শিক্ষকদের নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। ভাষা সমস্যার কারণে প্রাথমিকের আগেই অনেক সাঁওতাল শিশু বিদ্যালয় থেকে ঝরে যায়।

শিক্ষাদান ও গ্রহণ সহজ করতে এবং শিক্ষার প্রতি অনুরাগ বাড়াতে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আদিবাসীদের ভাষা জানা শিক্ষক নিয়োগের অনুরোধ করেন আয়োজকরা।

তার পরিপ্রেক্ষিতে মন্ত্রী ফিজার বলেন, “সব ভাষা, সব বর্ণ এমনকি স্পেশাল যে চাইন্ড আছে, তাদের কথাও চিন্তা করছি। কিন্তু একথা তো সত্য, আমাদের অর্থনীতি কি এখনও এমন যে একটা স্কুলে যদি একটা বিশেষ শিশু বা একটি আদিবাসী শিশু থাকে, তার জন্য একজন শিক্ষক দিতে পারব?”

আগামী ১০-২০ বছরের মধ্যে প্রত্যেক বিদ্যালয়ে না পারলেও প্রতিটি ইউনিয়নে এমন একজন করে শিক্ষক দেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. জিন্নাত ইমতিয়াজ আলী, জাপানি দূতাবাসের কাউন্সেলর ইয়াশুহারু শিন্তো ও শাপলানীড়ের কান্ট্রি ডিরেক্টর নবুতাদা সুগাহারা উপস্থিত ছিলেন।

‘বাচ্চারা তো শেখ হাসিনাকেই মা বলবে’

উপবৃত্তি, বই, ভর্তুকি সবই সরকার প্রদত্ত বলে সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুরা এখন প্রধানমন্ত্রীকে ‘মা’ সম্বোধন শুরু করবে বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ফিজার।

প্রাথমিক শিক্ষার প্রসারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “এরপর তো বাচ্চারা শেখ হাসিনাকেই মা বলবে। শেখ হাসিনা বই দেয়, শেখ হাসিনা কাপড় দেয়, শেখ হাসিনা তার বাপের কৃষিতে, বিদ্যুতে ভর্তুকি দেয়, তাহলে শেখ হাসিনাই মা! মা কে মা বলবে কেন?”

সরকারের পক্ষ থেকে বিদ্যালয়ে টিফিন আর দেওয়া হবে না বলে জানান মন্ত্রী।

“বরং বাড়ি থেকেই বাচ্চাদের মায়েরা খাবার দিয়ে দিবে এবং এবছরের মধ্যেই মায়েদের মাধ্যমে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ‘সাটেইনাবল মিড ডে মিল’ কর্মসূচির আওতায় আনা হবে।”

এই কর্মসূচি নেওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, “টিফিন বাটি হবে মার, খাবার টুকুও হবে। এইটুকু না করলে, সে কীসের মাতৃত্বের অধিকার দাবি করবে?

“এতদিন যাবৎ সবাই মুখিয়ে আছে, কখন সরকার দেবে? সরকার যদি উপবৃত্তি দেন, শিক্ষক দেন, বেতন দিতে পারে, রাস্তা দিতে পারে, ঘাট দিতে পারে, তাহলে নিশ্চয়ই খাবারটাও সরকার দেবে। নো! মা দিয়ে দেবে, সরকার না।”