২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে শক্তি বৃদ্ধি নিজেদের প্রয়োজনে: মিয়ানমার

অভ্যন্তরীণ কাজে ‘নিরাপত্তার প্রয়োজনে’ বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে দাবি করে মিয়ানমার বলেছে, বাংলাদেশ তাদের লক্ষ্য নয়।

কক্সবাজার প্রতিনিধি

রাঙামাটি ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 06:34 PM

Updated : 04 Feb 2024, 12:33 PM

পুরনো খবর:

তুমব্রু এখনও থমথমে, ঘুমধুমে পতাকা বৈঠক

শুক্রবার বিকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির পক্ষ থেকে ওই দাবি করা হয়।

তুমব্রু সীমান্তের ওপারে বৃহস্পতিবার সকালে মিয়ানমারের হঠাৎ শক্তি বৃদ্ধি এবং গুলির ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা এবং শূন্য রেখায় অবস্থান নিয়ে থাকা রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার প্রেক্ষাপটে এই পতাকা বৈঠকে অংশ নেয় দুই পক্ষ।   

এর আগে বৃহস্পতিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত লিউন উকে তলব করে সীমান্তে সৈন্য সমাবেশ ঘটানোর প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে পৌনে ৫টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার পাতাকা বৈঠকে বাংলাদেশের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি ৩৪ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান। আর মিয়ানমারের সাত সদস্যে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিপির ১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার সুচায়ে হু।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের শূন্যরেখায় মৈত্রী সেতুসংলগ্ন পয়েন্টে বাংলাদেশের ভেতরে এই পতাকা বৈঠক হয়।

বৈঠক শেষে ঘুমধুম বিওপিতে ফিরে এসে মঞ্জুরুল হাসান খান সাংবাদিকদের বলেন, “বৈঠকে মিয়ানমার দাবি করেছে, নিজেদের নিরাপত্তায় সীমান্ত অঞ্চলের বিভিন্ন সময়ে সেনা বা বিজিপি মোতায়েন করে তারা। তার অংশ হিসেবে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে টহলও দেওয়া হয়। এটি সম্পূর্ণ মিয়ানমারের নিজস্ব নিরাপত্তার প্রয়োজনে।”

এছাড়া মিয়ানমারের ভেতরে নির্মাণাধীন সীমান্ত সড়ক এবং আভ্যন্তরীণ নিরাপত্তার কাজেও কিছু সৈন্যকে সীমান্তে নিয়োজিত রাখা হয়েছে বলে দাবি করেছে বিজিপি।

মঞ্জুরুল হাসান খান বলেন, বৃহস্পতিবার রাতে সীমান্তে মিয়ানমারের দিক থেকে ফাঁকা গুলি ছোড়ার বিষয়ে বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ক্ষেত্রে বিজিবিকে অবহিত করতে বলা হয়।

অবহিত করার বিষয়ে বিজিপি সম্মতি প্রকাশ করলেও ফাঁকা গুলি ছোড়ার কথা তারা অস্বীকার করে বলে বিজিবি কমান্ডার জানান।

তিনি বলেন, “সীমান্তের শূন্যরেখায় আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে বলে বৈঠকে আবারও আশ্বাস দিয়েছে বিজিপি। তারা বলেছে, কবে কীভাবে ফেরানো হবে, সে সিদ্ধান্ত নেবে প্রত্যাবাসনের কাজে থাকা জয়েন্ট ওয়ার্কিং কমিটি।”

বিজিবি প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে অংশ নিতে ঘুমধুম বিজিবি ক্যাম্প থেকে পায়ে হেঁটে তুমব্রু সীমান্তের বাংলাদেশ-মিয়ানমার সংযোগ সড়কের মৈত্রী সেতু এলাকায় যান। অন্যদিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধি দলটিও পায়ে হেঁটে সেখানে পৌঁছায়। মধ্যবর্তী স্থানে তাঁবুর ভেতরে পতাকা বৈঠকে অংশ নেয় দুই দল।

রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা প্রায় সাত হাজার রোহিঙ্গা তুমব্রু সীমান্তের শূন্য রেখায় আশ্রয় নিয়ে আছে। মিয়ানমার কর্তৃপক্ষ ফেব্রুয়ারির শুরু থেকেই তাদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে বলে বান্দরবানের স্থানীয় প্রশাসন ও বিজিবির ভাষ্য।

Image
সীমান্তের ওপারে দেখা যাচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের

সীমান্তের ওপারে দেখা যাচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের

এর মধ্যে বৃহস্পতিবার সকালে হঠাৎ তুমব্রু সীমান্তে শক্তি বৃদ্ধি করে মিয়ানমার। বেশ কিছু সামরিক পিকআপ, ট্রাক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বিজিপি সদস্য অবস্থান নেয় শূন্য রেখা থেকে দেড়শ গজ ভেতরে। ফলে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিরা বলেন, বৃহস্পতিবার সকালে বিজিপি সদস্যরা কাঁটাতারের বেড়ার কাছে এসে অস্ত্র তাক করে রোহিঙ্গাদের সরে যেতে হুমকি দেয়। তারা মই দিয়ে কাঁটাতারের বেড়া পেরিয়ে ক্যাম্পে হামলারও চেষ্টা চালায়।

এরই মধ্যে বিকালে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত লিউন উকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্ত থেকে মিয়ানমারের সৈন্যদের সরিয়ে নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বার্তা দেওয়া হয় বিজিপিকে।

এরপরও রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু সীমান্তে গুলির ঘটনা ঘটে। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের বিপরীতে মিয়ানমারের সীমানার ভেতর থেকে পরপর দুইবার গুলির আওয়াজ পাওয়া যায়। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে বেশ হই চই শুরু হয়। তবে কেউ হতাহত হয়নি।

Image
বাংলাদেশ সীমান্তে টহলে বিজিবি সদস্যরা

বাংলাদেশ সীমান্তে টহলে বিজিবি সদস্যরা

ওই ক্যাম্পের একটি ব্লকের প্রতিনিধি দিল মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে মিয়ানমারের বিজিপির একটি দল কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে ক্যাম্প ঢোকার চেষ্টা করে। ক্যাম্পের রোহিঙ্গারা দা-ছোরা আর লাঠি-সোঁটা নিয়ে এগিয়ে গেলে তারা ফিরে যায়। এর পরপরই সীমান্তের ওপার থেকে গুলির আওয়াজ পাওয়া যায়।

“গুলির ঘটনার পর থেকেই ক্যাম্প লক্ষ্য করে মিয়ানমারের দিক থেকে থেমে থেমে ঢিল ছোড়া হয়।”

রোহিঙ্গা ক্যাম্পের প্রতিনিধি আরিফ বলেন, “রোহিঙ্গারা এখন না পারছে বাংলাদেশে ঢুকতে, না পারছে মিয়ানমার ফিরতে। ফলে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে তাদের।”

সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঢাকায় পিলখানায় বিজিবি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান বলেন, “বর্ডার এলাকায় ভারী অস্ত্র মোতায়েন, সেনা সমাবেশ- এগুলো বর্ডার নর্মসের বাইরে। আমরা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, সতর্ক অবস্থানে আছি। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে বিজিবি সব সময়ই দেশের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে দায়িত্ব পালন করবে।”

তুমব্রু সীমান্তের পরিস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নোয়ার্ট সাংবাদিকদের বলেন, “আমি আপনাদের এটুকু বলতে পারি, আমরা পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। আমি নিশ্চিত, যা হচ্ছে তা বাংলাদেশ সরকারের জন্য উদ্বেগের বিষয়। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”