রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্কের নেতৃত্বে সাত সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার ওই প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “তুরস্কের রাষ্ট্রদূত দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে তুরস্কের প্রেসিডেন্টের রিজেপ তায়িপ এরদোয়ানের পক্ষ থেকে অভিনন্দন জানান।”
এসময় প্রতিনিধি দল বাংলাদেশে তুর্কী বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে এবং বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।
প্রেস সচিব জানান, আবদুল হামিদ বলেন, তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থনের তুরস্কের জনগণ ও সরকারের প্রতি ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনেয়োগের জন্য বাংলাদেশ এখন একটি উৎকৃষ্ট স্থান।
তিনি বলেন, তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে ‘টার্কিস ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রতিষ্ঠা করতে পারে এবং এর মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে।
তিনি আরও বলেন, দুই দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ সম্ভাবনা আলোচনা করে বাংলাদেশে বিনিয়োগ এলাকাও স্থাপন করতে পারে।
