হজে অনিয়ম: শাস্তির মুখে ১৫৩ এজেন্সি
গত বছরের হজের সময় বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫৩টি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার।
কয়েকটি হজ এজেন্সি লাইসেন্স বাতিল করে বেশিরভাগ এজেন্সিকে আর্থিক জরিমানা করা হয়েছে; ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে কয়েকটি এজেন্সিকে।
হজের সময় অনিয়নের অভিযোগ পাওয়ার পর ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে এসব হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট হজ এজেন্সির লিখিত বক্তব্য ও জবানবন্দি গ্রহণ করে অভিযোগও অভিযোগকারীর বক্তব্য- জবানবন্ধী নেওয়া ছাড়াও সৌদি আরবে গঠিত তদন্ত টিমের দাখিলকৃত তদন্ত রিপোর্ট যাচাই-বাছাই করে তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে।
জারিমানার অর্থ আগামী ৭ মার্চের মধ্যে ‘১-৩৫০১-০০০১-১৯০১’ নম্বর কোডে ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপিসহ ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করতে সাজাপ্রাপ্ত হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশে দেড় হাজারের মত হজ এজন্সির সরকারি অনুমোদন রয়েছে। তবে সব এজেন্সিই হজ কার্যক্রমে অংশ নেয় না।
