২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ৬৪ ঘণ্টা আলোচনা

দশম সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়েছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 09:05 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

৭ জানুয়ারি শুরু হয়ে গত বুধবার অধিবেশন শেষ হল। দীর্ঘ এই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩৫টি।

অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তার ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনেন চিফ হুইপ আ স ম ফিরোজ।

পুরো অধিবেশন জুড়ে ২৩৩ জন্য সংসদ সদস্য মোট ৬৪ ঘণ্টা ৯ মিনিট ওই প্রস্তাবের উপর আলোচনা করেন। বুধবার ধন্যবাদ প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বুধবার বিকালে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

এবারের অধিবেশনে মোট বিল পাস হয়েছে ১৫টি। 

কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ২০৪টি নোটিস পাওয়া যায়। যার মধ্যে ১৮টি গৃহীত এবং গৃহীত নোটিসের মধ্যে ১১টি সংসদে আলোচিত হয়। ৭১ এর ক বিধিতে ৩৭টি নোটিস আলোচনা হয়। 

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২১৩টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৮৮টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা। 

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ৩ হাজার ২৫৮টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে মন্ত্রীরা জবাব দেন ২ হাজার ২৫৮টির।