নারী সহপাঠীদের নিয়ে বাজে মন্তব্য: ঢাবির ৫ শিক্ষার্থী বহিষ্কৃত
ফেইসবুকে নিজের বিভাগের নারী শিক্ষার্থীদের নিয়ে বাজে ভাষায় মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়া সলিমুল্লাহ হলের ছাত্র এহসান রফিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের সাত নেতাও বহিষ্কৃত হয়েছেন।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল নিশ্চিত করেছেন।
পালি ও বুড্ডিস্ট বিভাগের একদল ছাত্রী তাদের নিয়ে ফেইসবুকে বাজে মন্তব্যের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দিয়েছিলেন। তখন উপাচার্য তা শৃঙ্খলা পরিষদের কাছে পাঠান।
মঙ্গলবার পরিষদ তাদের প্রতিবেদন সিন্ডিকেট সভায় উপস্থাপন করলে সিন্ডিকেট ওই পাঁচ শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
পাঁচ শিক্ষার্থী হলেন আশিকুর রহমান, হজরত আলী, মোস্তাকীন আল মামুন পিয়াল, জহুরুল ইসলাম, রাহাদ আহমেদ। এরা সবাই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ছবি- রয়টার্স
সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওমর ফারুককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
হল ছাত্রলীগের সহ-সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা দ্বিতীয় বর্ষের মো. রুহুল আমিন ব্যাপারী, সহ-সম্পাদক লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ফারদিন আহমেদ মুগ্ধ, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের মো. মেহেদী হাসান হিমেল, হল কমিটির সদস্য সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের সামিউল ইসলাম সামি, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের আহসান উল্লাহকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
মারধরে ‘প্ররোচনা’ দেওয়ায় হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট চতুর্থ বর্ষের ছাত্র মো. আরিফুল ইসলামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
ওই সাত শিক্ষার্থীর সবাই সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের অনুসারী হিসেবে পরিচিত।
গত ৭ ফেব্রুয়ারি দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এহসান রফিককে পিটিয়ে আহত করেন তারা। ওই ঘটনায় রফিক চোখেও আঘাত পান।
আহত রফিকের ভাষ্য, তিন মাস আগে ছাত্রলীগ নেতা ওমর ফারুক তার ক্যালকুলেটর ধার নেন। তা ফেরত চাওয়ায় ফারুকসহ অন্যরা মিলে রড ও লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটায়।
এক পর্যায়ে রফিক সংজ্ঞা হারালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মারধরের খবর যাতে বাইরে না যায় সেজন্য প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হলে এনে একটি কক্ষে আটকে রাখা হয়।
ওই ঘটনায় হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক রুহুল আমিন, উপ-সম্পাদক মেহেদী হাসান হিমেল ও কর্মী ওমর ফারুককে সংগঠন থেকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ।
