সংসদ প্রাঙ্গণে ঝন্টুর জানাজা
রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদ ঝন্টুর জানাজা হয়েছে সংসদ ভবন প্রাঙ্গণে।
সোমবার সকালে ঝন্টুর মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায় আনা হলে সেখানে তার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজার পর তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রংপুরের আওয়ামী লীগে নেতা সরফুদ্দীন আহমেদ ঝণ্টু।
গত ৩১ জানুয়ারি রাতে স্ট্রোক করলে তাকে রংপুর নগরীর সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছিল ঢাকায় ল্যাব এইড হাসপাতালে। সেখান থেকে পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু ২৬ দিন চিকিৎসার পরও তাকে বাঁচানো যায়নি।
সিটি করপোরেশনের মেয়র হওয়ার আগে ঝন্টু রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়ের আহমদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আসম ফিরোজ ছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঝন্টুর জানাজায় অংশ নেন।
সংসদ প্রাঙ্গণের জানাজা শেষে সরফুদ্দীন আহমেদ ঝন্টুর কফিন নিয়ে যাওয়া হয় রংপুরে। সেখানে আসরের পর আরেক দফা জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
