বকুলতলায় দুদিনের গম্ভীরা উৎসব শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় গম্ভীরা উৎসব।
শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া দুই দিনের এই আয়োজনের উদ্বোধন করেন বিচারপতি এটিএম ফজলে কবীর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের চাঁপাইনবাবগঞ্জের কৃষ্টির অনুষ্ঠান। এই গম্ভীরার প্রতিটি লাইনের অর্থ আমরা চাঁপাইনবাগঞ্জের মানুষরা হৃদয় দিয়ে অনুভব করি।
“এই গানের মাধ্যমে সমালোচনা করা যায়, সাধারণ মানুষের কথা বলা যায়। এই গানের সাহায্যে সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের আমন্ত্রন জানিয়ে তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরে ধরেন শিল্পীরা।"
আয়োজক সংগঠন ‘দিয়াড়ের’ সভাপতি মোখলেসুর রহমান মুকুল বলেন, “গম্ভীরার ভিন্নতা হচ্ছে তা সমাজের তথা রাষ্ট্রের যে অবক্ষয় তা মানুষের কাছে তুলে ধরে এবং এর একটা সমাধান দেয়।”
দুই দিনের এই আয়োজনের প্রথমদিন পরিবেশিত হয় ‘চাঁপাই গম্ভীরা’, ‘লোক গম্ভীরা’, ‘সঙ্গীতা চাঁপাই গম্ভীরা’, ‘নবাব গম্ভীরা’ ও 'রসকস গম্ভীরা'র পাঁচটি দলের পরিবেশনা হয়।
নানা-নাতির হাস্য-রসাত্মক কথোপকথন আর সুক্ষ্ম সমালোচনার মধ্য দিয়ে এসব গম্ভীরায় বর্তমান সরকারের উন্নয়ন যাত্রা, সমাজের বিভিন্ন অসঙ্গতি ও চাঁপাইনবাবগঞ্জের মানুষের চাওয়া পাওয়াকে তুলে ধরা হয়।
শনিবার দ্বিতীয় দিন সন্ধ্যা থেকে আরও পাঁচটি গম্ভীরা পরিবেশিত হবে বলে আয়োজকরা জানান।
