ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শংকা কেন, সাংবাদিকদের প্রধানমন্ত্রী
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নানা মহলে সমালোচনার মধ্যে তা ‘শংকিত’ না হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার গণভবনে ইতালি সফর নিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের এত আশংকা কেন? যদি কেউ তেমন কিছু না করেন তাহলে তো তার বিরুদ্ধে এটা প্রয়োগ হবে না। এটা প্রয়োগ হবে না অপপ্রয়োগ হবে সেটা নিয়ে দ্বিধা।”
প্রস্তাবিত আইনের শংকার বিষয়গুলো নিয়ে ‘অবশ্যই আমরা দেখব’ বলেও আশ্বাস দেন তিনি।
তিনি জানান, ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) একসময় মানহানির মামলায় সাংবাদিকদের গ্রেপ্তারের বিধান ছিল। তার সরকারের সময় সেখানে সংশোধন এনে সমন জারির বিধান সংযুক্ত করা হয়।
“এই আইনে যা-ই থাকুক… যেহেতু ওটা আমরা সংশোধন করে দিয়েছি, তাই শংকিত হওয়ার কিছু নেই। কেউ যদি অপকর্ম না করেন তাহলে অপপ্রযোগ হবে কেন? তখনতো প্রয়োগ হবে। যে কোন একটা অপরাধ করলে তার তো একটা ব্যবস্থা থাকবে।”
সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা তথ্য প্রযুক্তি আইন থেকে সরিয়ে সেগুলো আরও বিশদ আকারে যুক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।
নতুন আইনের ৩২ ধারা অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ করবে বলে ইতোমধ্যে গণমাধ্যমে সংশ্লিষ্টরা এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। ।
প্রস্তাবিত নতুন আইনে যুক্ত ৩২ ধারাসহ বিতর্কিত ধারাগুলো খসড়া থেকে বাদ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আপনারা চেয়েছিলেন ৫৭ ধারা বাদ দিতে। সেটা বাদ দিয়ে; সিআরপিসিতে বিভিন্ন অপরাধ করলে… সেটাই কিন্তু সংযুক্ত করা হয়েছে। নতুন কিছুই করা হয়নি।”
সাইবার ক্রাইমকে ‘বিরাট সমস্যা’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এটা নানাভাবে ব্যবহার হয়। সাইবার ক্রাইমের বিরুদ্ধে শুধু বাংলাদেশেই না বিশ্বব্যাপী একটা জনমত আছে। প্রযুক্তি যেমন সুযোগ করে দেয় আবার মাঝেমাঝে দুঃসহ যন্ত্রণাও দেয়। এটাই হচ্ছে বাস্তবতা।”
