রোম সফর সফল ও ফলপ্রসূ: প্রধানমন্ত্রী
ভ্যাটিকান ও রোম সফর ‘সফল ও ফলপ্রসূ’ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতালি সফর থেকে ফিরে সোমবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সার্বিক বিবেচনায় ইতালি ও ভ্যাটিকানে আমার এ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে মনে করি।”
জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ ও ভ্যাটিকান সফরে রোববার ইতালি পৌঁছেন শেখ হাসিনা।
আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো ও পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর চার দিনের এই সরকারি সফর হয়েছে।
সোমবার সকালে ভ্যাটিকান সফর ও পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে রোমে আইএফএডির সদর দপ্তরে গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে যোগ দিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ওই দিন সন্ধ্যায় রোমে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা সভায় যোগ দেন শেখ হাসিনা। এছাড়া রোম সফরের সময় তিনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালকের সঙ্গেও বৈঠক করেন।
১৯৭৭ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত আর্থিক সংস্থা হিসেবে আইএফএডি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি মূলত কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে।
প্রায় ৩০ বছরে আইএফএডি বাংলাদেশের পল্লী জনগণের ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নয়নে সরকারের সাথে অংশীদারিত্বমূলক সহযোগিতার ভিত্তিতে নানামুখী প্রকল্প ও কার্যক্রম গ্রহণ করে আসছে।
প্রতিষ্ঠার পর আইএফএডির প্রথম প্রকল্পটি ছিল বাংলাদেশে, যা ১৯৭৮ সালে নেওয়া হয়। সংস্থাটি এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে প্রায় ৭৮২ মিলিয়ন ডলারের অনুদান এবং স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক ফোরামের গভর্নিং কাউন্সিলের সভায় আমার উপস্থিতি এবং মূল বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আইএফএডির সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও জোরদার হয়েছে।”
ভ্যাটিকানে সফর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মহামান্য পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আমি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের বিষয়টি তুলে ধরি। পোপ ফ্রান্সিস বাংলাদেশে তার সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে এদেশের ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
“তিনি বিশ্বব্যাপী অভিবাসী ও শরণার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে মিয়ানমার সরকারের উপর বৈশ্বিক চাপ বৃদ্ধির আহ্বান জানান।”
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রশ্ন করতে গিয়ে এটিএন বাংলার জ ই মামুন বলেন, “আমরা জানি ১০ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। আট হাজারের যে তালিকা দেওয়া হয়েছে.. এই প্রক্রিয়া যদি চলতে থাকে; তাহলে আগামী ১০ বছরে ১০ লাখ হয়ে যাবে। ততদিনে তাদের জনসংখ্যার যে গ্রোথ আমরা দেখেছি, তাতে আরও বিশ লাখ বাংলাদেশে থাকবে। রোহিঙ্গা কোথায় থাকবে, সেটা নিয়ে একাধিক মন্ত্রী ও দায়িত্বশীল কর্মকর্তারা একেক রকম কথা বলেছেন। একজন বলেছেন, বালুখালিতে তাদের জন্য দু হাজার/একর তিন হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে। একজন বলেছেন, না তাদের কুতুপালংয়ে রাখা হবে। তারপর, তাদের ভাসান চরে নেওয়ার কথা বলা হয়েছে। আমি আসলে জানতে চাই, সরকার কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে কিনা।”
এর জবাবে প্রধানমন্ত্রী সাথে সাথে বলেন, “আচ্ছা বালুখালিটা কোথায়? আর, কুতুপালংটা কোথায়? বলতে পারেন?”
প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে জ ই মামুন বলেন, “কাছাকাছি।”
শেখ হাসিনা এরপর বলেন, “একই জায়গায়। রোহিঙ্গারা এখন সেখানেই আছে। ওখানেই কিন্তু ক্যাম্প। ওখানেই কিন্তু আছে। এখানে এক এক কথা বলা হচ্ছে না।
“আমরা নতুন একটা .. সেটাকে আমরা উন্নত করছি। সেখানে আমরা ঘরবাড়ি তৈরি করছি। একটা প্রজেক্টও আমরা পাস করে দিয়েছি।”
শেখ হাসিনা বলেন, “সমস্যা সৃষ্টি করেছে মিয়ানমার, সমাধান তাদেরই করতে হবে। এখন একটা সমঝোতা হয়েছে, এখন আট হাজার পরিবারের তালিকা তৈরি। তালিকা সবই তৈরি।”
বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, থাইল্যান্ড ও লাউসের সঙ্গে মিয়ানমারের সীমান্ত আছে। এই সব সীমান্তেই সমস্যা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সব দেশের সঙ্গেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন।
নিজ দেশের নাগরিকদের ফেরত নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, “আমরা তো ঠেলে ফেলে দিতে পারি না। তারা তো মানুষ। এই মানুষদেরকে তোপের মুখে ফেলে দেব কীভাবে?
“মিয়ানমার নানা রকম টালবাগানা করছে- এটা তাদের চরিত্র। তারা আট হাজার নিক। দেখি কী আচরণ করে। আগে যাক.. তারপর বাকিরা চলে যাবে।”
