গ্রাফিক নভেল ‘মুজিব’ চতুর্থ পর্ব এল বইমেলায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত গ্রাফিক নভেল মুজিব চতুর্থ পর্ব প্রকাশিত হয়েছে।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) বইটি প্রকাশ করেছে।
সিআরআই-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন আকর্ষণীয় করে তুলে ধরার জন্য রাদওয়ান মুজিব সিদ্দিক একে গ্রাফিক নভেলে রূপ দেওয়ার উদ্যোগ নেন।
বাংলা একাডেমি প্রাঙ্গণে শনিবার বইটির প্রকাশনা উৎসবে রাদওয়ান, গ্রাফিক শিল্পী সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, প্রকাশক ও সিআরআইয়ের উপদেষ্টা বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা সব বয়সের পাঠকের উপযোগী করে চিত্রায়িত করা হয়েছে। দেওয়া হয়েছে উপযুক্ত সংলাপ। আর কাজটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এটি ১২ পর্বে তৈরির পরিকল্পনা করা হয়। ২০১৪ সালে কাজ শুরুর পর প্রথম পর্ব প্রকাশিত হয় ২০১৫ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাদওয়ান বইটি হাতে নিয়ে নানার স্মৃতিচারণ করে বলেন, “তরুণ মুজিব তার রাজনৈতিক জীবনে বন্ধুদের সঙ্গে নানা আনন্দময় সময় কাটিয়েছেন। তারা বিভিন্ন সফরে গিয়ে মজা করতেন, দুষ্টুমি করতেন। বাচ্চারা কিছু আইডিয়া পাক, কিভাবে দুষ্টুমি করতে হয়।
“বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই তার বিশ্বাসে অটল থেকে অন্যায়ের প্রতিবাদ করতে একাই দাঁড়িয়ে যেতেন। তার পাশে কেউ না থাকলেও তিনি একা দাঁড়াতে কখনও ভয় করতেন না “
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল বলেন, “শিশুদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে দিতে গিয়ে সমালোচনাও কম হয়নি। কেউ বলেছেন, বঙ্গবন্ধুকে কার্টুন চরিত্র কেন করছি। কিন্তু আমরা চেয়েছি, শিশুদের কাছে বঙ্গবন্ধুকে তাদের পছন্দের এক চরিত্র হিসেবে উপস্থাপন করতে।”
গ্রাফিক নভেলটির অনুপ্রেরণায় অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন বলে তিনি জানান।
যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকমকে বলেন, “কাল্পনিক চরিত্র নয়, শিশুরা এবার জানুক বাঙালির সত্যিকারের নায়ককে। আদর্শ, সততা, মননশীলতায় বঙ্গবন্ধু সত্যিকারের নায়কের মত নেতৃত্ব দিয়ে কিভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লড়াই চালিয়ে গেছেন, তা গ্রাফিক নভেলের মাধ্যমে জানুক শিশুরা।”
গ্রাফিক নভেলটির প্রথম পর্বের ইংরেজি অনুবাদসহ সব পর্ব বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে গ্রন্থমেলায় সিআরআইয়ের স্টলে (১০০/১৯) পাওয়া যাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ পর্বের শুরুতে জানা যাবে অল ইন্ডিয়া মুসলিম লীগ কনফারেন্স শেষে তরুণ শেখ মুজিব ও তার সঙ্গীদের দিল্লি ভ্রমণের গল্প। ১৯৪৪ সালে ছাত্রলীগের সম্মেলনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দলের স্বার্থে সিদ্ধান্ত নিতে দেখা যায় শেখ মুজিবকে। দলের কথা চিন্তা করে তার রাজনৈতিক শিক্ষক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তর্কে জড়াতেও পিছপা হন না তিনি।
এর আগে প্রথম পর্বে খেলাধুলা, পড়াশোনা, চিকিৎসকের কাছ থেকে পালানো, প্রথমবারের মত কারাবরণ, বিভিন্ন কৌতূহলোদ্দীপক কাজের পাশাপাশি দেশের প্রতি তরুণ বয়স থেকেই নিজের বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা যায় কিশোর মুজিবকে।
দ্বিতীয় পর্বে তার রাজনীতির হাতেখড়ির পাশাপাশি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি জানা যায়। একই সঙ্গে বাবা ও ছেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল খেলার প্রতিযোগিতার ঘটনাও জানা যায়।
তৃতীয় পর্বে স্কুল ও কলেজে শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষের সময় মানবিক ভূমিকা পালন করতে দেখা যায় শেখ মুজিবুর রহমানকে।
