২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপা হত্যা: চারজনের ডেথ রেফারেন্স হাই কোর্টে

টাঙ্গাইলে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা মামলায় চার আসামির ফাঁসির রায়ের ডেথ রেফারেন্স ও মামলার অন্যান্য নথি হাই কোর্টে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 07:57 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে কিছুক্ষণ আগেই এ মামলার ডেথ রেফারেন্স ও অন্যান্য নথি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে এসে পৌঁছেছে। এখন তা সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হবে।”

এখন নিয়ম অনুযায়ী পেপারবুক প্রস্তুতের জন্য এসব নথিপত্র প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে। প্রধান বিচারপতির অনুমোদন পেলেই এই মামলার পেপারবুক প্রস্তুতের জন্য তা বিজি প্রেসে পাঠানো হবে বলে জানান সাইফুর।

বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি হাই কোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।

টাঙ্গাইলে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার দায়ে চার আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

গত ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার পাঁচ আসামির মধ্যে বাস চালকসহ চারজনকে ফাঁসি, সুপারভাইজার মো. ছবর আলীকে (৫৫) সাত বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ছোঁয়া পরিবহনের চালক হাবীব মিয়া (৪৫), মো. শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর আলম (১৯)।