২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসার বিদ্রোহ: খালাস ৬৭৪ জনের চাকরি ফেরতের নির্দেশ

তেইশ বছর আগে আলোচিত আনসার বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পাওয়া ৬৭৪ জনের মধ্যে যাদের বয়স ও শারীরিক-মানসিক সক্ষমতা আছে তাদের চাকরিতে পুর্নবহালের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 06:23 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে জারি করা পৃথক দুটি রুল যথাযথ ঘোষণা করে রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে আনসার সদস্যদের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন ও মো. সাহাবুদ্দিন খান লার্জ ও রাশেদুল হক খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সহকারী অ্যাটর্নি জেনারেল সূচীরা হোসাইন।

আনসার সদস্যদের আইনজীবীরা বলেন, ১৯৯৪ সালের ৩০ নভেম্বর সংঘটিত আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ৬৭৪ জন আনসারকে চাকরিতে পুনর্বহালের রায় দিয়েছে হাই কোর্ট। তবে এদের মধ্যে যাদের শারীরিক-মানসিক সক্ষমতা আছে তারাই চাকরি ফিরে পাবেন। আর যাদের সক্ষমতা নেই তারা যতদিন চাকরিতে ছিলেন ততদিনের পেনশন সুবিধা দিতে বলা হয়েছে।

গত বছরের ১৩ এপ্রিল একটি ও ১০ জুলাই পৃথক দুইটি রিটের রুল নিষ্পত্তি করে একই রায় দেয় হাই কোর্টের একই বেঞ্চ। ১৩ এপ্রিল দেওয়া রায়ে ২৮৯ জনকে আর ১০ জুলাইয়ের রায়ে ১৪৪৭ জনকে চাকরিতে পুনর্বহালের রায় দেয় আদালত।

দুই হাজার ৪৯৬ জন চাকরিচ্যুত আনসারের মধ্যে পৃথক পাঁচটি রিটের রায়ে এ নিয়ে ২৪১০ জন আনসার চাকরিতে পুনর্বহালের আদেশ পেলেন উচ্চ আদালত থেকে।

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ১৯৯৪ সালের ৩০ নভেম্বর আনসার বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, যা পরবর্তীতে বিদ্রোহে রূপ নেয়। সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের সহযোগিতায় ৪ ডিসেম্বর বিদ্রোহ নিয়ন্ত্রণ করা হয়।

এ ঘটনায় পরবর্তীতে ২ হাজার ৬৯৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে কর্মকর্তারা চাকরিতে পুনর্বহাল হলেও বাকি ২ হাজার ৪৯৬ আনসারকে চাকরিচ্যুত করা হয়।

তাদের বিরুদ্ধে পৃথক ৭টি ফৌজদারি মামলা করা হয়। এরমধ্যে ১৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্তরা বিচারে খালাস পায়। এ অবস্থায় তারা চাকরি ফিরে পেতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। কিন্তু তাদের চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়নি।

এ কারণে ২৮৯ জন চাকরি পুর্নবহাল ও প্রাপ্ত সুযোগ সুবিধা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন।

আনসার সদস্যদের চাকরিচ্যুত কেন অবৈধ ও বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর রুল জারি করে আদালত।

এ রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৩ এপ্রিল প্রথম রায় ঘোষণা করে হাই কোর্ট।

পুরনো খবর:

আনসার বিদ্রোহ: খালাস ১৪৪৭ জনকে চাকরি ফেরত দিতে নির্দেশ