২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকুরেদের স্বাস্থ্যবীমা বিবেচনায়: প্রতিমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের স্বাস্থ্য বীমার আওতায় আনার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 04:01 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার ‘সরকারি কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যবীমা প্রণয়ন’ শীর্ষক সেমিনারে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রতিবেশী দেশসহ উন্নত বিশ্বে সরকারি কর্মকর্তারা বীমা সেবার অন্তর্ভুক্ত থাকেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের বীমায় অংশগ্রহণ করা উচিত।”

সরকারি চাকুরেদের জন্য স্বাস্থ্য বীমার শর্ত সহজ ও স্পষ্ট করার পক্ষেও নিজের মত তুলে ধরেন ইসমাত আরা।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীমার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করবে বলে সেমিনারে জানানো হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটুআই’র কারিগরি সহায়তায় বানানো সরকারি কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা অনলাইন সফটওয়্যারের উদ্বোধন করেন।