২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের প্রলোভনে প্রতারণা, মোহাম্মদপুরে এক ব্যক্তি গ্রেপ্তার

দ্বিগুণ ডলার দেওয়ার প্রলোভন এবং বিদেশে পাঠানোর নামে বিপুল অর্থ হাতানোর অভিযোগে ঢাকার মোহাম্মদপুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 09:40 PM

Updated : 08 Apr 2022, 05:55 PM

গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন ওরফে ওয়াদুদ (৪৫)।

বৃহস্পতিবার বিকালে আজম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান।

কৌশলে প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দেলোয়ারের বিরুদ্ধে।

এছাড়া বিদেশে এক প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকায় আইসিটি প্রশিক্ষণ দেওয়া এবং ইমিগ্রেশন ল’ ফার্ম গঠন করে বিদেশে, বিশেষ করে কানাডায় পাঠানোর কথা বলে দেলোয়ার শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ওসি জামাল জানান, এ ধরনের বেশকিছু অভিযোগ পেয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে থাকা পুলিশের এক সদস্য বলেন, “দেলোয়ারের আজম রোডের বাসায় অভিযান চালানো হলে তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে ধরা হয়।”

দেলোয়ার গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে পরই অনেকেই ফোন করে বা সরাসরি থানায় অভিযোগ করছে বলে জানান ওসি জামাল।

তিনি বলেন, “দেলোয়ারের অফিস থেকে বেশকিছু কাগজপত্র নিয়ে এসেছি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”