২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী টানেলের বোরিং শুরু সেপ্টেম্বর: কাদের

বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দেশের প্রথম টানেলের মূলকাজ বোরিং আগামী সেপ্টেম্বর শুরু হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 08:52 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, “ইতোমধ্যেই প্রকল্প এলাকায় ঠিকাদারের ক্যাম্প, ব্যাচিং প্ল্যান্ট, গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ হয়েছে। আর চীনে তৈরি করা হয়েছে টানেল বোরিং মেশিন। এটা এ বছর মে মাস নাগাদ বাংলাদেশে এনে স্থাপনের কাজ শুরু হবে।”

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।

টানেল বিষয়ে চট্টগ্রামের শাসকদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী কাদের বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে টানেল নির্মাণে সে দেশের সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি হয়। পরের বছর বাণিজ্যিক চুক্তি শেষে প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়।

Image
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ওবায়দুল কাদের (ফাইল ছবি)

চুক্তি অনুযায়ী চীন থেকে পাওয়া প্রথম কিস্তির ১৪১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলার গত ডিসেম্বরে ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

যশোরের সংসদ সদস্য মো. মনিরুল ইসলামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, চলতি অর্থবছর সারাদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের ১২৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তৃতীয় কর্ণফুলী সেতুও রয়েছে এর মধ্যে।

ঢাকায় বৃত্তাকার রেলপথ নির্মাণের সমীক্ষা

ঢাকা শহরের যানজট নিরসনে বৃত্তাকার রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমীক্ষা প্রকল্প অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

জাতীয় সংসদে বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গত ২৭ ডিসেম্বর পরিকল্পনা কমিশনে এটা অনুমোদিত হয়। সমীক্ষা প্রকল্পের আওতায় পরামর্শক নিয়োগ করা হবে। সমীক্ষা শেষ হলে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরবর্তী কাজ শুরু হবে।

সংরক্ষিত মহিলা আসনের শাসকদলীয় সংসদ সদস্য বেগম শিরিন নাঈমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লাইনটি হবে মিয়ানমার সীমান্তের কাছে ঘুমধুম পর্যন্ত।