দরিদ্র শিশুর কল্যাণে ডিএসসিসি-ইউনিসেফ চুক্তি
শহুরে দরিদ্র শিশুদের কল্যাণে কাজ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ইউনিসেফ বাংলাদেশ যৌথ কর্মপরিকল্পনাসহ সমঝোতা স্মারক সই করেছে।
ডিএসসিসি কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান খান মোহাম্মদ বিলাল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বৃহস্পতিবার চুক্তিটি সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সেবার ঘাটতি কমিয়ে আনতে এই কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।
চুক্তির আওতায় শহরের দরিদ্র কমিউনিটিতে বসবাসরত ১৮ বছর পর্যন্ত বয়সের এক লাখ শিশু ও তাদের পরিবারে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষা, পানি ও স্যানিটেশনের মত মৌলিক সেবার পরিধি বাড়ানো হবে।
চুক্তি সই অনুষ্ঠানে বেগবেদার বলেন, "শহরের শিশুদের জীবনে টেকসই পরিবর্তন আনার জন্য উন্নয়ন ও সেবা সম্প্রসারণে ইউনিসেফ ইতোমধ্যেই বাংলাদেশ সরকারকে সহায়তা দিয়েছে।
এই অংশীদারিত্বের প্রাথমিক পর্যায়ে ডিএসসিসির জোন-৪-এ পরীক্ষামূলক প্যাকেজ চালু ও বাস্তবায়নের কৌশল ঠিক করা হবে। এটা মৌলিক সেবার সুযোগ বাড়ানোর মাধ্যমে সিটি করপোরেশনগুলোর জন্য টেকসই মডেল গড়ে তুলবে।
২০২০ সালের মধ্যে বাংলাদেশের অন্য পাঁচ সিটি করপোরেশনেও এই কর্মসূচি পরীক্ষামূলক চালানো হবে। সেটা হলে সুবিধাবঞ্চিত ১০ লাখ শিশু এই সেবার আওতায় আসবে।
সারাবিশ্বেই শহরে জনসংখ্যা বাড়ছে। এ হার বাংলাদেশে অনেক বেশি। ২০৩০ সালে ঢাকা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মেগাসিটি হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে শহরে বসবাস করা জনসংখ্যা বর্তমানে ৫ কোটি ৩০ লাখ। ২০৫০ সালে তা বেড়ে ১১ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে।
এসব তথ্য সংবাদ বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে।
