বাজারে ছাড়ার গবেষণা করুন: মসিউর
বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায়োগিক গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি বলেন, “সব বিশ্ববিদ্যালয়ের কিছু না কিছু গবেষণা থাকা উচিত। এখানে শিক্ষার্থী তার পছন্দমতো বিষয়ে গবেষণা করবে। এ গবেষণাগুলো যেন আরও সফল হয়, তাহলে ব্যবসা-বাণিজ্যেও প্রয়োগ করা যেতে পারে।
“এখানে একটি মনিটরিং-ট্র্যাকিংয়ের দরকার। সেটি হল, গবেষণা বাজারে ছাড়তে হবে। বাজারে ছাড়াই হল একটা বড় প্রমাণ এটার বাস্তব প্রয়োগ আছে। আরেকটি হল, বাজারে যদি এটা প্রয়োগ হয়, তাহলে এখানে যে ব্যয় হয়েছে, ব্যয়টা কিন্তু ফিরে আসে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘গ্রিন ইনভেস্টমেন্ট: অপরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী অষ্টাদশ জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন ও গ্রিন এক্সপো’র দ্বিতীয় দিনে এ সেমিনার হয়।
অনুষ্ঠানে বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে উৎপাদন ও চাহিদার ভারসাম্য রক্ষা করারও ব্যাপার থাকে বলে উল্লেখ করেন মসিউর রহমান।
তিনি বলেন, “বিদ্যুতের চাহিদা আজকে মেটালে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যায়। এখানে সরবরাহ বাড়ার সঙ্গে চাহিদাও বাড়ে। সব সময় বিদ্যুতের বার্ষিক একটি ঘাটতি থাকে। ঘাটতিটাকে সহনীয় রাখার জন্য দামটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হয়।”
নবায়নযোগ্য শক্তির যন্ত্রপাতিগুলোর আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবির বিরোধিতা করে মসিউর রহমান বলেন, “সব সময় শুল্ক প্রত্যাহার সাফল্য বয়ে আনে না। দেশি শিল্পের বিকাশের জন্য সাম্য বজায় রাখতে হয়। সেদিক বিবেচনা করে শুল্ক প্রত্যাহার কিংবা কমানোর বিষয় বিবেচনা করা উচিত।”
শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হকের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে ইডকলের নির্বাহী পরিচালক মাহমুদ মালিক, বিআইএফএফএলের নির্বাহী পরিচালক এসএম ফরমানুল ইসলাম, বিএসআরইএ’র সভাপতি দীপল চন্দ্র বড়ুয়া, মাকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নেসার এম খান বক্তব্য দেন।
