২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা নিউ মার্কেটে উপরে স্টিল ছাউনী দিয়ে দোকান নির্মাণ স্থগিত

ঢাকা নিউ মার্কেটের বর্তমান কাঠামোর উপরের দিকে স্টিলের ছাউনী দিয়ে দোকান নির্মাণের সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 09:21 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল বেপারীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার আদালত সিটি করপোরেশনের সিদ্ধান্তের উপর এ স্থগিতাদেশ দেয়।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ স্থগিতাদেশের পাশাপাশি রুলও জারি করেছে।

রিট আবেদনকারীর আইনজীবী অনীক আর হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কেটের মূল কাঠামোর উপরের দিকে স্টিলের ছাউনি দিয়ে দোকান নির্মাণের সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট।

“একইসঙ্গে মার্কেটের ভেতরের ও বাইরের ফুটপাত দখল করে মার্কেটের মূল কঠামোর উপরের দিকে মার্কেট বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে।”

আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।

নিউ মার্কেটের মূল কাঠামোর উপরে স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নেওয়ার পর থেকে ব্যবসায়ীরা তার বিরোধিতা করে আসছেন।

পুরনো খবর:

এমপির আশ্বাসে সড়ক ছাড়লেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা